সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৫০ এম
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে গলির মাথায় পুরাতন প্লাস্টিকের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম ডিসপোজল ইউনিট ককটেল ১০টি উদ্ধার করে নিস্ক্রিয়করণ করেন।
কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখেছিল এ ঘটনার নেপথ্য কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে নিবিড় তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের একাধিক ডিসিপ্লিনে খেলা আছে আজ। ব্রোঞ্জ ফাইনালে আগামীকাল সকালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এশিয়ান গেমস
সরাসরি, সকাল ৬টা থেকে,
এশিয়ান গেমস: নারী ক্রিকেট
বাংলাদেশ-পাকিস্তান
সরাসরি, আগামীকাল সকাল ৬টা,
সনি স্পোর্টস ১, ২ ও ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন মিত্র সৌদি আরবের ওপর একের পর এক হামলা জোরদার করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুথিরা।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের বরাতে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট বলেন, ওয়াশিংটন ‘হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে।’
এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, হুথিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে।
১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুথিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’
ফক্স নিউজে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব অব্যাহতভাবে চাপের মুখে রয়েছে। গতকাল শনিবার সৌদির রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
এদিকে ঝটিকা হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি–সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকেও বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে হুথিরা।
ফক্স নিউজ জানিয়েছে, ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। প্রায় সাত মাস পূর্ণ হতে চলা এ যুদ্ধ শেষ করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।
ইয়িংস্ট জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ইরানিদের ‘ভালো আচরণ করাই মঙ্গলজনক’। তা ছাড়া ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, তা নিয়েও ভাবছেন ট্রাম্প।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসি গোল করতে থাকলেও, ইন্টার মিয়ামি ড্রয়ের ধারাবাহিকতা থেকে বের হতে পারছে না। সোমবার অনুষ্ঠিত একটি রোমাঞ্চকর ম্যাচে সান দিয়েগো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে এটি তাদের টানা চতুর্থ ড্র। এই ম্যাচে মেসি ক্লাবের হয়ে তার ১০১তম গোলটি করেন। অন্যদিকে, সান দিয়েগোর হয়ে দুটি গোল করেন আন্দ্রেস দ্রেয়ার।
ম্যাচের শুরুতেই সান দিয়েগো এগিয়ে যায়। ১২ মিনিটে দ্রেয়ার গোল করেন, যখন তিনি জেপ্পে টভের্সকভের বাড়ানো বল দারুণভাবে কাজে লাগান। ইন্টার মিয়ামির গোলরক্ষক দেইন সেন্ট ক্লেয়ারকে ফাঁকি দিয়ে তিনি বলটি জালে পাঠান।
তবে ১২ মিনিট পর মেসি সমতা ফেরান। ২৪ মিনিটে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত একটি ফ্রি-কিকে গোল করেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে তার ২০তম গোল। বলটি বক্সের ভেতর দিয়ে কারো স্পর্শ ছাড়াই জালের দূরের কোণে প্রবেশ করে।
ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে। ৭৪ মিনিটে লুইস সুয়ারেস গোল করে ইন্টার মিয়ামিকে সাময়িকভাবে এগিয়ে দেন। কিন্তু ৮ মিনিট পর দ্রেয়ার নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
এই ফলাফলের পর ইন্টার মিয়ামির পয়েন্ট দাঁড়ালো ৪৬। তারা ১২ জয়, ৪ হার এবং ১০ ড্র নিয়ে লিগ টেবিলে অবস্থান করছে।
আগামী রোববার কলম্বাস ক্রুর বিরুদ্ধে লিগের পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। অন্যদিকে, সান দিয়েগো আগামী শনিবার অস্টিন এফসির মুখোমুখি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে হামলা অব্যাহত থাকলেও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের কার্যকলাপের প্রেক্ষাপটে তেলের দাম কমে গেছে। দেশটি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে আরামকোর একটি তেল স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, হামলায় ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ