প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটিশ পপ-রক ব্যান্ড ডুরান ডুরানের প্রাক্তন গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন। ৬৫ বছর বয়সে গত সোমবার (২৩ নভেম্বর) তিনি নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন এই সংগীতশিল্পী। বুধবার (২৫ নভেম্বর) তার পরিবারের পক্ষ থেকে এবং ব্যান্ডের প্রাক্তন সদস্যদের সহযোগিতায় এক যৌথ বিবৃতিতে মৃত্যুর খবরটি জানানো হয়।
অ্যান্ডির স্ত্রী ট্রেসি টেলর এক আবেগঘন বার্তায় স্বামীকে স্মরণ করেছেন। তিনি বলেন, "পরিবারের কাছে অ্যান্ডি ছিলেন সবচেয়ে ভালো স্বামী, স্নেহশীল বাবা ও গর্বিত দাদা। পরিবারের মূল ভরসা ছিলেন তিনি।" সংগীতজীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করলেও, পরিবারের গুরুত্ব তার কাছে সব সময় সবার আগে ছিল। ১৯৮২ সালে অ্যান্ডি ও ট্রেসি বিয়ে করেন। তাদের চার সন্তান—জর্জিনা, ইসাবেলা, বেথানি ও অ্যান্ড্রু।
২০১৮ সালে অ্যান্ডির শরীরে চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। ২০২২ সালে ডুরান ডুরানকে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে তার অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। শারীরিক অবস্থার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে এক সাক্ষাৎকারে রোগটির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই সংগীতশিল্পী।
অসুস্থতার মধ্যেও সংগীত থেকে দূরে সরে যাননি অ্যান্ডি। তিনি গান তৈরি, রেকর্ডিং ও মঞ্চে পরিবেশনা চালিয়ে গেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, "অসুস্থতার বাস্তবতা মেনে নিয়েও সংগীত তাকে জীবন উপভোগ করার প্রেরণা দিয়েছে।"
১৯৮০ সালে ডুরান ডুরানে যোগ দেন অ্যান্ডি টেলর। তার গিটার বাজানোর দক্ষতা ব্যান্ডটির জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘হাংরি লাইক দ্য উলফ’ ও ‘রিও’র মতো জনপ্রিয় গানে তার অবদান রয়েছে। ১৯৮৫ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত লাইভ এইড কনসার্টেও ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেন তিনি।
১৯৮৬ সালে ডুরান ডুরান ছেড়ে একক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডি। ১৯৮৭ সালে প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম ‘থান্ডার’। ২০০০ সালে ব্যান্ডটির পুরোনো সদস্যদের সঙ্গে আবারও যুক্ত হন তিনি। ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো দল ছাড়লেও ২০২৩ সালে প্রকাশিত ডুরান ডুরানের অ্যালবাম ‘ড্যান্স ম্যাকাব্রে’তে তার অবদান ছিল।
সংগীতজগতে দীর্ঘ ক্যারিয়ারে নিজের স্বতন্ত্র গিটার বাজানোর ধরন দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন অ্যান্ডি টেলর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যান্ডের সদস্য ও সংগীতভক্তরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন