প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ থেকে ঠিক ৫০ বছর আগে, ১৯৭৬ সালে, টাঙ্গাইলের ছোট্ট মফস্বল শহরে মঞ্চস্থ হয়েছিল নাটক ‘কুমারখালীর চর’। দেশবরেণ্য নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর রচিত এই নাটকটি সে সময় জাতীয় পুরস্কার অর্জন করে এবং দেশজুড়ে ভূয়সী প্রশংসা লাভ করে।
সেই সময় দেশের বিভিন্ন শহরে, এমনকি পাড়া-মহল্লায় প্যান্ডেল তৈরি করেও নাটক মঞ্চস্থ হতো। নাটকপাগল মানুষ ও শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগী দর্শকরা নাট্যচর্চার মধ্যেই খুঁজে পেতেন বেঁচে থাকার আনন্দ ও প্রেরণা।
এই নাটকের সঙ্গে আমারও একটি ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। ৫০ বছর আগে মঞ্চস্থ ‘কুমারখালীর চর’ নাটকের সেই প্রদর্শনীতে কিশোর বয়সে আমিও একজন দর্শক ছিলাম। সেবার ‘বর্ণালী টাঙ্গাইল’ এক্সিবিশন মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়েছিল।
আজ অর্ধশতাব্দী পর একই নাটকের পুনর্নির্মাণ ও প্রদর্শনী দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই ফিরে গিয়েছিলাম সেই সময়ের স্মৃতিতে। সময়ের ব্যবধানে বদলে গেছে প্রজন্ম, বদলেছে মঞ্চের মানুষ ও নির্দেশক; কিন্তু নাটকটির আবেদন এবং নাটকের প্রতি ভালোবাসা এখনো আমাকে টেনে এনেছে দর্শকসারিতে।
ঠিক ৫০ বছর পর সেই আলোচিত ও প্রশংসিত নাটকটির পুনর্নির্মাণ ও প্রদর্শনী হলো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) মঞ্চে।
৫০ বছর আগে নাটকটির নির্দেশনায় ছিলেন ফারুক-রক্কু। এবারের নতুন প্রযোজনায় নির্দেশনার দায়িত্ব পালন করেছেন ঠান্ডু-রতন। সময় বদলেছে, নির্দেশক বদলেছেন, কিন্তু নাটকটির আবেদন এখনো অমলিন।
নাটকের নামকরণের মধ্যেই এর পটভূমি নিহিত। নদীভাঙন, নতুন চর জেগে ওঠা এবং সেই চরের মালিকানা নিয়ে প্রান্তিক কৃষক ও খেটে খাওয়া মানুষের টিকে থাকার লড়াই নাটকের মূল উপজীব্য।
চরের উর্বর জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় জোতদার, প্রভাবশালী মহল এবং ভূমিহীন সাধারণ মানুষের চিরায়ত দ্বন্দ্ব, শোষণ ও প্রতিরোধের চিত্র নাটকটিতে উঠে এসেছে। গ্রামীণ জনপদের বঞ্চনা, কৃষকের অধিকার এবং কৃষক আন্দোলনের ঐতিহাসিক বাস্তবতা নাটকের ঘটনাপ্রবাহকে দিয়েছে রাজনৈতিক ও সামাজিক মাত্রা।
এবারের প্রযোজনায় কিছু দুর্বলতা চোখে পড়েছে। আরও কিছুদিন মহড়া হলে অভিনয় ও মঞ্চায়ন অনেক বেশি পরিণত হতে পারত। তবে নাটকের গল্প ও সংলাপের শক্তিমত্তা সেই সীমাবদ্ধতাগুলোকে অনেকটাই আড়াল করেছে। ফলে দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছে নাটকটি।
একসময় টাঙ্গাইলের মঞ্চে নিয়মিত নাটক মঞ্চায়ন হতো। নাট্যচর্চা ছিল সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু সময়ের ব্যবধানে সেই ধারাবাহিকতা অনেকটাই হারিয়ে গেছে।
বর্তমানে করোনেশন ড্রামাটিক ক্লাব মূলত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় প্রতিবছর অন্তত একটি নাটক মঞ্চস্থ করে। মাঝেমধ্যে আয়োজন করে নাট্য উৎসবের।
দীর্ঘদিন পর মঞ্চে নতুন নাটক আসার খবরে নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল আশাতীত। দর্শকের আগ্রহ সামাল দিতে এক ঘণ্টার বিরতি দিয়ে পরপর দুটি প্রদর্শনীর আয়োজন করতে হয়েছে। এই উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—টাঙ্গাইলের মানুষ এখনো মঞ্চনাটক দেখতে চায়, ভালো নাটকের জন্য অপেক্ষা করে।
মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ, মানুষ, জীবনসংগ্রাম ও সময়কে বোঝার একটি শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যম। তাই টাঙ্গাইলে নাট্যচর্চার হারিয়ে যাওয়া ধারাবাহিকতা ফিরিয়ে আনা জরুরি।
পঞ্চাশ বছর আগে যে নাটক টাঙ্গাইলের মঞ্চকে জাতীয় পরিচিতি দিয়েছিল, পঞ্চাশ বছর পর সেই নাটকের পুনর্নির্মাণ ও মঞ্চায়ন নতুন করে আশার আলো দেখাচ্ছে। ‘কুমারখালীর চর’-এর এই প্রযোজনা টাঙ্গাইলের অন্যান্য নাট্য সংগঠনকেও নতুন করে সক্রিয় ও অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা রাখি।
আবার মুখর হয়ে উঠুক টাঙ্গাইলের মঞ্চ। নিয়মিত নাটক দেখতে মিলিত হোক নাট্যপ্রেমী দর্শক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন