০৫:০০ পি.এম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকা থেকে প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে তার বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর অবশেষে তার মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নয়ন ফকিরের মরদেহ বাংলাদেশে আসে। পরে দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের ফলস্বরূপ এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, হুমায়ুন ফকির স্থানীয় দেলোয়ার ফকিরের (৫৫) ছেলে। ঘটনাটির সংবাদ পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন