প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনি গায়ক ও গীতিকার মারওয়ান আবদেলহামিদ, যিনি ‘সেন্ট লেভান্ট’ নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে তার প্রথম উত্তর আমেরিকা সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে শিল্পী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকার প্রথমে তার ভিসা আবেদন অনুমোদন করেছিল। কিন্তু সফরের সময় ঘনিয়ে আসার পর তাকে হঠাৎ করে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয়।
আইনি দলের সঙ্গে আলোচনা করার পর এবং একই ধরনের অভিজ্ঞতা থাকা কয়েকজন ফিলিস্তিনি ও আরব শিল্পীর সঙ্গে কথা বলার পর সেন্ট লেভান্ট এই সিদ্ধান্তে পৌঁছান যে, উত্তর আমেরিকার কনসার্টগুলো স্থগিত করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে, এমন আশায় সফরটি ২০২৭ সালের বসন্ত পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেন্ট লেভান্টের ৪১টি কনসার্টের এই সফরটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হেডলাইন ট্যুর হওয়ার কথা ছিল। উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে তার পরিবেশনার পরিকল্পনা ছিল। সফরের তালিকায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ব্রুকলিন ও ডেট্রয়েটও অন্তর্ভুক্ত ছিল।
তবে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশি শিল্পীদের সফর বাতিল বা পিছিয়ে দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতা কিছু শিল্পীকে যুক্তরাষ্ট্রের সফর পুরোপুরি বাদ দিতে বাধ্য করছে, আবার কারও ক্ষেত্রে বাড়তি আইনি ব্যয় ট্যুর আয়োজনকে কঠিন করে তুলছে।
এর আগে উত্তর আফ্রিকার তুয়ারেগ ব্যান্ড টিনারিওয়েন এবং মেক্সিকান গায়ক দিয়েগো মিলান, যিনি ‘কায়িয়ে ২৪’ নামে পরিচিত, যুক্তরাষ্ট্রে সফর নিয়ে অভিবাসন জটিলতার সম্মুখীন হয়েছেন।
সেন্ট লেভান্টের সংগীতে ফিলিস্তিনিদের বাস্তবতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের বিষয়গুলি উঠে আসে। জেরুজালেমে জন্ম নেওয়া এই শিল্পীর মা ফরাসি-আলজেরীয় এবং বাবা সার্বীয়-ফিলিস্তিনি। সম্প্রতি ২১ আগস্ট তার দ্বিতীয় অ্যালবাম ‘আফান্দি’ প্রকাশিত হয়েছে। নতুন অ্যালবামকে সামনে রেখে তার এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।
বিভাগ :
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন