প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লাগা আগুনে একটি পরিবারের ৪টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। পরিবারটির আসবাবপত্র, স্বর্ণালংকার, মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ এবং নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এমন বিপর্যয়ের সংবাদ পেয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি পরিবারটির হাতে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একইসাথে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার নবীনগর গ্রামে বুদু মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির তিনটি বসতঘরে। এতে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ১৫০ সিসির একটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ চার লাখ টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পরিবারের সাজানো সংসারের প্রায় সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া পরিবারটির আর কোনো সম্বল অবশিষ্ট নেই। আকস্মিক এ বিপর্যয়ে কীভাবে আবার নতুন করে সংসার গড়বেন, তা ভেবে দিশেহারা পরিবারের সদস্যরা।
চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে বলেন, "বিষয়টি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।" এরপর তিনি সরেজমিনে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি আরও বলেন, "আগুনে একটি পরিবারের সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এমন বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা করেছি। এই অর্থ তাদের ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুঃসময়ে কিছুটা হলেও কাজে আসবে।" সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি তিনি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সম্মিলিত সহযোগিতায় পরিবারটি যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।
চেয়ারম্যানের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বিপদের মুহূর্তে জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তা নয়, আগুনে সর্বস্ব হারানো পরিবারটির স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা। তাই অসহায় পরিবারটির পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন