প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের গুলিতে শ্রমিক লীগ ও বিএনপি নেতা নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় গুরুতর আহত শিশুর বাবারও মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদলকর্মী।
এছাড়া বরিশালের হিজলা উপজেলার মেঘনায় গুলিতে মৃত্যু হয়েছে এক জেলের। গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। ঝালকাঠির রাজাপুরে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে পাওয়া গেছে একজনের লাশ। ময়মনসিংহের ধোবাউড়ায় একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
পাবনা : পাবনার সদর উপজেলায় শ্রমিক লীগ ও বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন এবং শ্রমিক লীগ নেতা ও হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম সহযোগীদের নিয়ে হাটে নিজের অফিসরুমে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড। আমরা আরো তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে।’
ময়মনসিংহ : ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামের একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাঁশঝাড়ের ভেতরে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। হোসেন আলী একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, হোসেন আলী আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার ঘটনায় গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে ইটভাটার কাছে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ জীবন নামের এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে ১ নম্বর আসামি করে ১৫ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন নিহতের মা কামরুন নাহার।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে জীবনকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। তাঁকে চমেক হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়েছে।’
এদিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী সরকারি পুকুরপার এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, ‘মরদেহে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’
বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হাওলাদার (৪০) নামের এক জেলেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল হিজলার মেমোনিয়া ইউনিয়নের চর মেমোনিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়। হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, আক্তার অন্যান্য জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় তাঁদের ট্রলারে অন্য আরেক ট্রলার থেকে গুলি করা হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন।
গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে গতকাল মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ফজরের নামাজের পরপরই উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নুরে আলম (৩১) নামের এক যুবককে দুর্বৃত্তরা বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কতবেলতলা এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নুরে আলমের ভাতিজি ময়না আক্তার জানান, বুধবার রাত ৩টার দিকে মুখোশ পরা সাত-আটজন লোক চাপাতি দেখিয়ে তাঁদের ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, নুরে আলমকে রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। রাস্তায় রক্ত লেগে আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন