প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক আজ জুমার খুতবা পূর্ব বয়ানে উল্লেখ করেন, মু’মিনদের জন্য দুনিয়া ও আখেরাতের বিষয়ে সচেতনতার গুণাবলি অর্জন করা আবশ্যক। প্রতিটি পরিবারের সদস্যদের ফরজের এলেম শিক্ষা গ্রহণ করা উচিত। রাসূল (সা.) প্রতিবেশীর কাছ থেকে ফরজ এলেম গ্রহণের জন্য তাগিদ প্রদান করেছেন। আধুনিকতার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের গাফেল হওয়া উচিত নয়। রাসূল (সা.) প্রতিবেশীর হক আদায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
খতিব আরও বলেন, পবিত্র কুরআনের ৬৩ নং সূরায় আল্লাহ তার রাসূল (সা.) কে উদ্দেশ্য করে বলেন, "তাদেরকে দেখলে আপনার অনেক পছন্দ হবে।" শুধুমাত্র কথার আকর্ষণ বা চেহারার সৌন্দর্য হক হওয়ার প্রমাণ নয়; এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। খতিব বলেন, ফাসেক ব্যক্তির কথা যাচাই করা জরুরি। যাচাইয়ের পূর্বে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রত্যেক বিষয়ে সংযমী হতে হবে। দ্বীন শরীয়তের আলোকে সংবাদপত্রগুলো যদি খবর প্রচার করে, তাহলে গণমাধ্যম সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খতিব বলেন, একজন মু’মিন একই ভুলে বার বার পা দিতে পারেন না। উদাসীনতা মুসলমানের জন্য কাম্য নয়। প্রত্যেক মু’মিনকে বহুমুখী সচেতনতার অধিকারী হতে হবে।
ঢাকার মোহাম্মদপুরস্থ শ্যামলী শাহী মসজিদের খতিব ড. মুফতি মোরশেদ আলম সালেহী আজ জুমার খুতবা পূর্ব বয়ানে বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়বিচারের ধর্ম। প্রকৃত মুসলিম কখনো সমাজে বিশৃঙ্খলা, সহিংসতা, হানাহানি ও বিপর্যয় সৃষ্টি করতে পারে না। মানুষের জানমাল, ইজ্জত-সম্মান ও নিরাপত্তা রক্ষা করা ইসলামের অন্যতম শিক্ষা।
খতিব বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম।" (সূরা আলে ইমরান:১৯) আল্লাহ তা’আলা আরও বলেন, "আর তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তা সংশোধিত হওয়ার পর।" (সূরা আল-আ’রাফ: ৫৬)। অন্যত্র আল্লাহ বলেন, "যখন তাদের বলা হয়, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। সাবধান! নিশ্চয়ই তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।" (সূরা আল-বাকারা: ১১-১২)। ইসলাম নিরপরাধ মানুষ হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ বলেন, "যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।" (সূরা আল-মায়িদাহ: ৩২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।" (সহিহ বুখারি: ১০; সহিহ মুসলিম: ৪০)। সমাজে মতপার্থক্য ও বিরোধ থাকতেই পারে, কিন্তু তা যেন সংঘাত, প্রতিশোধ ও রক্তপাতে রূপ না নেয়। পবিত্র কুরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, "মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও।" (সূরা আল-হুজুরাত: ১০)। বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের প্রতি আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে। গুজব, অপপ্রচার, প্রতিহিংসা ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে। মনে রাখতে হবে, শক্তিশালী হওয়া মানে অন্যকে আঘাত করা নয়; বরং অন্যায় করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা। যে ব্যক্তি মানুষের জন্য নিরাপত্তা ও কল্যাণের কারণ হয়, সেই প্রকৃত মুসলিম। অতএব, বিশৃঙ্খলা নয়, শান্তি; প্রতিশোধ নয়, ক্ষমা; বিভেদ নয়, সম্প্রীতি—এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন