প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয় পিবিআই কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।
‘অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস : ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রশিক্ষণে পিবিআইয়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
আজ রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মসূচিটি।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অপরাধস্থল ব্যবস্থাপনা, শারীরিক ও জৈবিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, পরীক্ষাগারে আলামত পাঠানো ও ট্র্যাকিং, ফরেনসিক ডিএনএ, ফরেনসিক প্যাথলজি ও টক্সিকোলজি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের সীমাবদ্ধতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্রমাণ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো অপরাধ তদন্তে নির্ভুল, নির্ভরযোগ্য ও ব্যয়সাশ্রয়ী বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা। একই সঙ্গে শারীরিক ও ডিজিটাল প্রমাণ যথাযথভাবে শনাক্ত ও বিশ্লেষণ এবং তদন্ত থেকে আদালত পর্যন্ত এসব প্রমাণের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন।
সাবেক সিনিয়র জেলা জজ আবু সায়েদ দিলজার হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. মো. মতিয়ার রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি জান্নাতুল হাসান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. উম্মে শারাবান তাহুরা, সিনিয়র সহকারী সচিব সাঈদ মো. সাফায়েত, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সিআইডির সাথী রানি শর্মা, ক্রাইম সিন ইউনিটের গাজী গোলাম দস্তগীর, সিআইডির ফরেনসিক ইউনিটের এ বি এম আতিকুর রহমান, সিআইডির ডিএনএ পরীক্ষক মো. আশরাফুল আলম এবং সিআইডির গোলাম আমবিয়া মাহমুদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসের ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকার অনলাইনে ‘সিগনিফিকেন্স এন্ড ইমপ্যাক্ট অব ফরেনসিক ইভিডেন্স’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
প্রশিক্ষণে ‘ফরেনসিক ফাইন্ডিং থেকে জুডিশিয়াল ফাইন্ডিং’, ‘অপরাধ তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’, ‘ফরেনসিক রিপোর্ট ও বিশেষজ্ঞ সাক্ষ্য’, ‘ফরেনসিক প্রমাণের সীমাবদ্ধতা’ এবং ‘পুলিশি জিজ্ঞাসাবাদ ও মানবাধিকার’সহ বিভিন্ন বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও আইএফএসসিএস-এর প্রভাষক খাতুনে জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশের ডিআইজি সুজায়েত ইসলাম, ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি আলিমুজ্জামান, কোর্স পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সামিরা সুলতানা, কোর্স সমন্বয়ক মো. আরিফুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পিবিআই কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন