প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ সফলভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মী, সমর্থক, স্থানীয় জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে।
রোববার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা জানান। তিনি লংমার্চের সফলতা উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে উল্লেখ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ চলাকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লংমার্চের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন। তিনি এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের লংমার্চে লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের ‘নারায়ে তাকবির’ ধ্বনিতে পুরো লংমার্চ মুখর হয়ে ওঠে। লাখ লাখ আবাল-বৃদ্ধ-বনিতা প্রখর রোদ উপেক্ষা করে সড়কের দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবারের লংমার্চে হাজার হাজার নারী নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা দীর্ঘ সময় ধরে নানা কষ্ট সহ্য করে কর্মসূচিতে অবস্থান করেন এবং ধৈর্যের পরিচয় দেন। সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে লংমার্চে অংশ নেওয়া মানুষ এবং পথে পথে সহযোগিতা ও সংহতি জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়কসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি।
লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দীর্ঘ পথের এ কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন