প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের প্রভাবে দেশে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করেছে। ইতিমধ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা দুই থেকে তিন হাজার মেগাওয়াট কমে এসেছে। সামনের দিনগুলোতে এ চাহিদা আরও কমতে পারে। মূলত শীত মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ হ্রাস পায়। এখনো শীত পুরোপুরি জেঁকে বসেনি। কিন্তু এরই মধ্যে ভোরের দিকে কোনো কোনো ঘণ্টায় বিদ্যুতের সরবরাহ ৯ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। অথচ এক মাস আগেও রাতের শেষভাগে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ কমে ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশিতে দাঁড়িয়েছে। অথচ এক মাস আগেও তা ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, দেশে বিদ্যুতের চাহিদা কমে আসার পেছনে শিল্পকারখানায় উৎপাদন কমে যাওয়ার প্রভাবও থাকতে পারে। কারণ, বর্তমানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। গ্যাস সংকটের সময় অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি পোশাকশ্রমিকদের অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদায় এর প্রভাব পড়তে পারে। যদিও শিল্পকারখানা বন্ধ থাকার কারণে বিদ্যুতের চাহিদায় বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়। তবে শীতের আগমন এবং ফ্যান ও এসির ব্যবহার কমে যাওয়াই বিদ্যুতের চাহিদা হ্রাসের প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদ্যুতের চাহিদা কমে আসায় বিপিডিবি ইতিমধ্যে জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে এনেছে। বর্তমানে দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। আবার মধ্যরাতে কিংবা রাতের শেষভাগে এসব কেন্দ্রের উৎপাদন একেবারেই বন্ধ থাকছে। যদিও শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। ফলে চাহিদা কমলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও কেন্দ্রভাড়ার বোঝা থেকে বিপিডিবি পুরোপুরি স্বস্তি পাচ্ছে না।
বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় গ্রিডে গতকাল সকাল ৬টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকেল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। এর আগের দিন অর্থাৎ শনিবার ভোর ৫টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওই দিন বিকেল ৫টায় সরবরাহ করা হয় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট বিদ্যুৎ। বিপিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দিনের বেলায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৭৭ মেগাওয়াট এবং সন্ধ্যায় সর্বোচ্চ উৎপাদন ছিল ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনের পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত শনিবার মধ্যরাত ১টা থেকে গতকাল বিকেল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ এক মাস আগেও একই সময়ে গড় সরবরাহ ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।
সূত্র আরও জানায়, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ২৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি। চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। কিন্তু ওই সময়ও বিপিডিবিকে সক্ষমতার বড় একটি অংশের বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের বাইরে রাখতে হয়েছিল। প্রায় ১২ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র তখন উৎপাদনের বাইরে ছিল। শীত মৌসুমে চাহিদা আরও কমে গেলে মোট সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র অলস বসে থাকতে পারে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন না করলেও এসব কেন্দ্রের বিপরীতে বিপিডিবিকে নিয়মিত ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্রভাড়া পরিশোধ করতে হয়। অর্থাৎ শীতের কারণে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও ব্যয় একই অনুপাতে কমানোর সুযোগ নেই। বরং অব্যবহৃত উৎপাদন সক্ষমতার বিপরীতে কেন্দ্রভাড়া পরিশোধের আর্থিক চাপ বহাল থাকবে।
এ প্রসঙ্গে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বিদ্যুতের চাহিদা কমার প্রধান কারণ কুলিং লোড হ্রাস। এসি ও ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা কমেছে। এর বাইরে অন্য কোনো কারণ নেই। এরই মধ্যে ঢাকার বাইরে শীত মৌসুম শুরু হয়েছে। ফলে সারা দেশে ফ্যানের ব্যবহার কমে গেছে। বিদ্যুতের চাহিদা কমার এটিই বড় কারণ।
তিনি আরও জানান, চাহিদা কমে যাওয়ায় সাধারণত প্রথমেই জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমানো হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে শীত মৌসুমে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় সেগুলো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এরই মধ্যে বড় তিনটি কেন্দ্রের তিনটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্রও রক্ষণাবেক্ষণে যাবে। ফলে বড় সক্ষমতার কিছু ইউনিট জাতীয় গ্রিড থেকে সরিয়ে নিতে হলে চাহিদার ভারসাম্য বজায় রাখতে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র চালু রাখতে হবে।
অন্যদিকে, এ প্রসঙ্গে বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম জানান, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার মূল কারণ গ্রামাঞ্চলে শীতের আগমন। ফলে বিদ্যুতের ব্যবহার কমছে। বিশেষ করে ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও হ্রাস পেয়েছে। রাজধানীতেও শীতের মৌসুম পুরোপুরি শুরু না হলেও অনেকে এসি ও ফ্যানের ব্যবহার কমিয়ে দিয়েছেন। এটিও বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন