প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ার উদ্দেশ্যে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে আলোচনা করতে চায়। দলটি সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানায় যে, সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন করতে হবে।
অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। জামায়াত ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংলাপের দিনক্ষণ সম্পর্কে বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।
গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ নির্ধারণ হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপে এনসিপি থাকার বিষয়টি তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড় রয়েছি। এছাড়া, সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।
প্রধান শর্ত জুলাই সনদ বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এবং সংলাপ দুটি ভিন্ন বিষয়। সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন। সেখানে দাবির বিষয় এবং ঐকমত্যে আসার বিষয় থাকে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, যোগাযোগ ও আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে নয়, জোটগতভাবে সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে অংশগ্রহণ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারে সংলাপে বসব।
এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন