প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা উল্লেখ করেছেন যে, প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি, তাদের দেশের উন্নয়নের কার্যকর অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য পেশাগত দক্ষতা অনুযায়ী সম্ভাবনাময় খাত চিহ্নিত করে প্রবাসী বিশেষজ্ঞদের দেশীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার আমারি হোটেলে ‘ব্রিজ টু বাংলাদেশ’ ও অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
সংলাপে বক্তারা জানিয়েছেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো গেলে অর্থনীতি, প্রযুক্তি, শিল্প ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব।
যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান মন্তব্য করেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা প্রায়ই দেশের নেতিবাচক খবর শুনতে পান। তবে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রবাসীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও সংস্কৃতি সম্পর্কে অনেক প্রবাসী জানেন না। দেশে সমস্যা থাকলেও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে কূটনীতিক ও রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের মধ্যেই ভবিষ্যতের অনেক সমস্যার সমাধান রয়েছে। সব সমাধান পশ্চিমা বিশ্বে খুঁজতে হবে, এমন নয়।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে বাংলাদেশিরা কাজ করছেন। তাদের অভিজ্ঞতা দেশের কাজে লাগাতে প্রযুক্তি, শিল্প ও সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে হবে।
তিনি উল্লেখ করেন, এসব খাতে দক্ষ প্রবাসীদের শনাক্ত করে দেশীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্ভাবনাময় ব্যক্তি ও ধারণা খুঁজে বের করা যেতে পারে।
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সবুর খান বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি তৈরি হলেও দেশের অনেক পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে প্রবাসীদের উদ্যোগ ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের কূটনীতিক অ্যাবি ডেভিস বলেন, প্রবাসীদের সঙ্গে কার্যকর অংশীদারি গড়ে তোলার সমাধান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেসব সমস্যা সমাধানে কাজ করছে, সেসব উদ্যোগে প্রবাসী বিশেষজ্ঞদের যুক্ত করতে একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা ও গবেষণা প্রয়োজন।
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, বিশ্বের ৬০ থেকে ৭০টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। দেশভেদে তাদের পেশাগত অভিজ্ঞতা ও আগ্রহের ধরনও ভিন্ন। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও যুক্তরাজ্যে বড় একটি অংশ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।
যুক্তরাজ্যে ১০ হাজারের বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলো ভারতীয় রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। সেগুলোকে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি বাড়বে।
হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সাফল্য নতুন সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে ফারুক সোবহান বলেন, মালয়েশিয়ায় দুই মিলিয়নের বেশি এবং দক্ষিণ কোরিয়ায় প্রায় ৭০ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে সম্পৃক্ততার অন্যতম লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের সম্পর্ক ধরে রাখাও জরুরি।
পর্তুগালের ডিউক অব কোইমব্রা সউসা আরুজো মার্টিন্স বলেন, প্রবাসীদের মধ্যে নিজ দেশের ইতিহাস ও শিকড় নিয়ে গর্ববোধ তৈরি করা প্রয়োজন। ইতিহাসের কোনো নেতিবাচক অধ্যায়ের কারণে নতুন প্রজন্ম যেন পুরো দেশের ইতিহাস ও অবদান সম্পর্কে আগ্রহ হারিয়ে না ফেলে, সেদিকে নজর দিতে হবে।
পর্তুগালের প্রায় ৯০০ বছরের ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, অতীতের একটি স্বৈরশাসনের সময়কাল দিয়ে পুরো দেশের ইতিহাস মূল্যায়ন করা ঠিক নয়। প্রবাসীদের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।
তিনি জানান, পর্তুগালের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার স্ত্রীর নির্মাণাধীন আট পর্বের একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশটির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে জানানো হবে। বাংলাদেশের ক্ষেত্রেও ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন