প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী ও মডেল ফারিন খান অভিযোগ করেছেন যে, গত কয়েক বছর ধরে তিনি পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। সেইসাথে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তবে আপাতত ফারিন তার নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের শুটিংয়ের ব্যস্ততা শেষ হলে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন।
ফেসবুক লাইভে ফারিন বলেন, “আমি একজন শিল্পী। অভিনয়ের বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়ে যায়, তখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।”
তিনি আরও বলেন, “গত কয়েক বছর যাবৎ আমি একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং এবং নির্যাতনের শিকার হচ্ছি। বিষয়টি নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছি, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা চিন্তা করে থেমে গেছি। আজকে আমাকে ফেসবুক লাইভে এসে কথা বলার জন্য বাধ্য করা হয়েছে।”
ফারিন জানান, অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও ও ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে আমাদের জানাশোনা একজনই। সে এখন আমার অনেক কলিগদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।”
অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, “আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে— কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!”
এছাড়া, ফারিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করার অভিযোগও তুলেছেন। তার দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছে ব্যক্তিগত নানা নথি রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।”
সবশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ফারিন। তিনি জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের শুটিং শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন।
অভিনেত্রী বলেন, “আগামী দুই-তিন দিন আমার শুটিংয়ের চাপ আছে। কাজগুলো শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে সব বিস্তারিত বলব। সাংবাদিক ভাইদের ডেকে অফিশিয়ালি নামটা প্রকাশ করব। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন এমন ভয়াবহ একজন মানুষের হাত থেকে রক্ষা পাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন