প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনে ওষুধের প্রচার ও বিক্রির প্রচলিত কৌশলে পরিবর্তন ঘটছে। দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের ফলে হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যাতায়াত এবং চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের কাছে পৌঁছানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপের দিকে ঝুঁকছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে চীনে চিকিৎসকদের জন্য বিশেষভাবে তৈরি একাধিক এআই অ্যাপ বাজারে এসেছে। আলিবাবা হেলথ এবং জেডি হেলথের মতো অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এসব অ্যাপ তৈরি করেছে। চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি চিকিৎসাবিষয়ক গবেষণা ও তথ্য খুঁজে পেতে সহায়তা করার মাধ্যমে এসব প্ল্যাটফর্ম ওষুধ কোম্পানিগুলোর জন্য প্রচারের নতুন সুযোগ তৈরি করছে।
আলিবাবা হেলথের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং শিয়াংঝি রয়টার্সকে জানান, তাঁদের ‘হাইড্রিয়ন’ নামের এআই অ্যাপে চিকিৎসকদের প্রশ্নের উত্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধের পক্ষে থাকা গবেষণা ও ক্লিনিক্যাল তথ্য প্রচারের একটি ব্যবসায়িক মডেল বিবেচনা করা হচ্ছে। এতে চিকিৎসকদের প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরের সঙ্গে ওষুধ কোম্পানির প্রচারিত গবেষণাও দেখানো সম্ভব হবে।
তবে হাইড্রিয়ন অ্যাপে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে এ ধরনের সহযোগিতা এখনো শুরু হয়নি। ওয়াংয়ের ভাষ্য অনুযায়ী, দেশি-বিদেশি অনেক ওষুধ কোম্পানি এ উদ্যোগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
চিকিৎসকদের মধ্যে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। চীনের চিকিৎসা খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। আলিবাবা হেলথের জরিপে অংশ নেওয়া কয়েক শ চিকিৎসকের ৯৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা বর্তমানে এআই টুল ব্যবহার করেন। এক বছর আগে এ হার ছিল প্রায় ৭০ শতাংশ।
চিকিৎসকদের জন্য তৈরি জেডি হেলথের ‘ঝিই’ নামের এআই সহকারীও ওষুধের প্রচার ও চিকিৎসা শিক্ষার কাজে যুক্ত হচ্ছে। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান পিআইসিএ হেলথ তাদের অ্যাপে এই এআই সহকারী যুক্ত করেছে। গত আগস্টে দুই প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ওষুধ কোম্পানিগুলোকে লক্ষ্যভিত্তিক ডিজিটাল প্রচার এবং চিকিৎসকদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করবে।
এছাড়া, চীনের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইডু টেকের ‘ইডু এভিডেন্স’ অ্যাপেও প্রচারের সুযোগ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির এক নির্বাহী রয়টার্সকে জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পক্ষে আরও বেশি গবেষণাভিত্তিক সমর্থন এবং অ্যাপের সার্চ ফলাফলে ভালো অবস্থান পেতে আগ্রহী। তবে এ ধরনের সুবিধা এখনো চালু করেনি ইডু টেক।
দুর্নীতিবিরোধী অভিযানে প্রচারের কৌশল পরিবর্তন হচ্ছে। চীনের স্বাস্থ্য খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে কয়েক বছর ধরে অভিযান চলছে। চলতি বছরের গ্রীষ্মে এ উদ্যোগ আরও জোরদার হয়। এই সময় চিকিৎসক ও হাসপাতালের কাছে ওষুধের তথ্য তুলে ধরার ক্ষেত্রে ওষুধ কোম্পানির কর্মীদের জন্য কঠোর নিয়ম জারি করে দেশটির কর্তৃপক্ষ।
এর ফলে ওষুধ বিক্রিতে প্রভাব পড়েছে। চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং শিয়ানজু ফার্মাসিউটিক্যাল গত আগস্টে জানিয়েছে, নতুন বিধিনিষেধ তাদের বিক্রিতে প্রভাব ফেলেছে। অন্যদিকে, হাসপাতাল পরিদর্শনে সীমাবদ্ধতাকে ব্যবসার জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে আরেক ওষুধ কোম্পানির বিক্রয় বিভাগের এক কর্মকর্তা।
এই পরিস্থিতিতে ডিজিটাল প্রচারসেবা বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। চীনের মেডলিভ টেকনোলজি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তাদের লক্ষ্যভিত্তিক প্রচার ও করপোরেট সলিউশন সেবার আওতায় স্বাস্থ্য খাতের ৫০৯টি গ্রাহক প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।
এআইভিত্তিক চিকিৎসা অনুসন্ধান প্ল্যাটফর্ম নাল হাইপোথিসিসের প্রধান নির্বাহী গুও ফেইয়ের মতে, আগে চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক তৈরিতে আপ্যায়ন ও উপহার দেওয়ার মতো প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করত ওষুধ কোম্পানিগুলো। এখন চিকিৎসকদের গবেষণা ও চিকিৎসাসংক্রান্ত কাজে সহায়তা করে এমন প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।
গুও জানান, চীনের বড় ওষুধ কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানও তাঁদের ‘নোস’ প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট রোগভিত্তিক চিকিৎসক-সহায়ক একাডেমিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তবে গ্রাহক প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি তিনি।
ডিজিটাল প্রচারে বড় বাজারের সম্ভাবনা
চীনের ওষুধবাজার যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ব্যয় ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে গড়ে ২৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে এ বাজারের আকার ২৭৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে, যা প্রায় ৪১ দশমিক ১ বিলিয়ন ডলারের সমান।
তবে এই পূর্বাভাস শুধুমাত্র চিকিৎসকদের জন্য তৈরি এআই অ্যাপের বাজার নিয়ে নয়; চীনের সামগ্রিক ডিজিটাল স্বাস্থ্য বিপণন খাতের ব্যয় নিয়ে।
ওষুধ কোম্পানিগুলোর জন্য চিকিৎসকদের কাছে পৌঁছানোর নতুন মাধ্যম তৈরি হলেও এআই অ্যাপে প্রচারিত তথ্যের নির্ভরযোগ্যতা এবং ওষুধের বাণিজ্যিক প্রচার ও চিকিৎসাবিষয়ক গবেষণার মধ্যে স্বচ্ছতা বজায় রাখার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন