প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ের কারণে দাম্পত্য কলহের ফলস্বরূপ স্বামী মো. হারুনকে (৩২) হত্যার অভিযোগে তার স্ত্রী মোসা. রত্নাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারির পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
সোমবার (৯ নভেম্বর) উত্তরা পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই শয়নকক্ষ থেকে হারুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে এজাহারনামীয় আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন হওয়ার পর ৭ নভেম্বর সংস্থাটি স্বউদ্যোগে ছায়া তদন্তের দায়িত্ব গ্রহণ করে। এর আগে ৬ নভেম্বর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী হারুন ও স্ত্রী রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিরোধ চলছিল। এরই জেরে ৩১ অক্টোবর রাতে তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়।
পরবর্তীতে ১ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে হারুন ঘুমন্ত অবস্থায় থাকাকালে রত্না শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু ঘটে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান অভিযুক্ত রত্না।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত রত্না আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে পিবিআইয়ের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন