বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ-এর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিককে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার, ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানান।
ফোনালাপে বিরোধীদলীয় নেতা মুসাদ্দিকের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। মুসাদ্দিক জানায়, ডা. শফিকুর রহমান তাকে এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।
দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, শাসকদের নৈতিক ভিত্তির দুর্বলতার কারণে সরকার রাষ্ট্রীয় প্রশাসন যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
ডাকসু নেতার বিবৃতি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের অনিয়ম, অবৈধ উপার্জনের পথ সুগম করা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বার্থে জুলাই গণহত্যায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের প্রচেষ্টা দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম কারণ। এর মাধ্যমে ২০২৪ সালের জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফোনালাপের শেষে, ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। অন্যদিকে, সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাইকে হামলা চালিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯শে নভেম্বর, ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি ও সদস্য সচিব আল আরাফাহ্ ইসলাম জিসান এই অনুমোদন প্রদান করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাহাতুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নূর আলম রিফাত দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ সভাপতি মো. সিয়াম খান; সহ সভাপতি মেহেদী হাসান মুন্না, মো. নাহিদ হোসেন ও মো. ফরিদ হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ মোল্লা ও মেহেদী; সাংগঠনিক সম্পাদক এনি আক্তার এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. সজীব খন্দকার, প্রচার সম্পাদক আমানুল্লাহ, সহ প্রচার সম্পাদক মো. মাসুম হাওলাদার, অর্থ সম্পাদক মো. মিহাত হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসা. নূপুর, সমাজ কল্যাণ সম্পাদক মো. রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী মো. সাহরিয়া, ক্রীড়া সম্পাদক মো. মাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. শাহরিয়া সরদার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মোসা. বৃষ্টি আক্তার মনোনীত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. রেদওয়ান ও মো. শাহজালাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি র্যালি আয়োজন করবে।
র্যালিটি আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে।
আজ বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যালিতে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে পরামর্শ দিয়েছেন যে, বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেছেন, "জাতীয় সংলাপের নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ তৈরি করা যাবে না।"
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে নাঈম আহমাদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "বিএনপির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলটির রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করা দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হতে পারে না।"
জেডিপি মনে করে, জাতীয় সংলাপের অজুহাতে গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের দায় পাশ কাটিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিকীকরণের চেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
নাঈম আহমাদ বলেন, "রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান প্রত্যাশা করে জেডিপি।" তিনি আরও বলেন, "বিএনপির সমালোচনা করা যাবে, সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও কথা বলতে হবে। তবে সেই সমালোচনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে যুক্তি দাঁড় করানো আত্মঘাতী রাজনৈতিক কৌশল।"
জেডিপির মতে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার ভিত্তি হতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহি ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা।
নাঈম আহমাদ আরও বলেন, "দেশে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে রুমিন ফারহানাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে।"
জেডিপির আহ্বায়ক রুমিন ফারহানার উদ্দেশে বলেন, "বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না, প্লিজ। রাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে আপস করবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ