প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত রান তাড়া করছে। বিরাট কোহলির স্বপ্ন এমন যে, তিনি শেষ পর্যন্ত টিকে থেকে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়বেন।
কোহলি আগেই জানিয়েছেন যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ। এবার তিনি এই শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে তার স্বপ্নের কথা জানালেন।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বিশ্বকাপে তার লক্ষ্য এবং ব্যাটিংয়ের নতুন ধরন নিয়ে আলোচনা করেছেন। তিনি সেখানে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলার স্বপ্নের কথাও তুলে ধরেন।
কোহলি বলেন, “আমরা যখনই কোনো ম্যাচ খেলি, সব সময় চাই ম্যাচ জেতানো মানুষটি যেন আমি হই। এই ইচ্ছা আমার ভেতর থেকে কখনো চলে যাবে না। আমি এমনই।”
বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে দলের হয়ে যত বেশি ম্যাচ সম্ভব জেতানো—৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচে অবদান রাখতে পারলে সেটা অসাধারণ হবে।”
গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কোহলি। ছবি: বিসিসিআই
তবে কোহলির সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ফাইনাল নিয়ে, “আমার স্বপ্ন ফাইনালে ম্যাচ জেতানো, খেলা শেষ করে আসা একটি ইনিংস উপহার দেওয়া। যেমন—রান তাড়া করে জেতানো। এটাই আদর্শ পরিস্থিতি। সেটা হলে দারুণ হবে। আর যদি সেটা না-ও হয়, ভারত বিশ্বকাপ জিতলেই আমি খুশি।”
২০২৩ বিশ্বকাপে ৭৬৫ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।
এবার কোহলির সামনে রয়েছে আরেকটি বড় অধ্যায়। ৩৭ বছর বয়সী এই ব্যাটার আরো বলেছেন, “এটা শেষবার যে আমি বিশ্বকাপে খেলতে যাচ্ছি। তাই ট্রফি জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝখানে থেকে একজন ব্যাটার হিসেবে সেটা করতে পারার চেয়ে তৃপ্তির আর কিছু নেই।”
ওয়ানডেতে এখন আরো আক্রমণাত্মক ব্যাটিং করছেন কোহলি। সম্প্রচারকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজের ব্যাটিংয়ে নতুন মাত্রা খুঁজে পাওয়াই তাকে রোমাঞ্চিত করছে।
কোহলি বলেন, “ক্যারিয়ারের এই পর্যায়ে আমার চ্যালেঞ্জ হলো এক-দুই ধাপ ওপরে উঠে খেলা। ক্যারিয়ারের এই সময়ে নতুন একটা মাত্রা খুঁজে বের করার সুযোগই আমাকে রোমাঞ্চিত করে। এতে আমি আরো মুক্ত মনে খেলতে পারছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন