প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়েক সপ্তাহ আগেও তাঁকে খুব বেশি মানুষ চিনতেন না। অথচ এখন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনিয়া বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্ডেকে নকআউট পর্বে পৌঁছে দিয়েছেন। আর এই পথচলায় তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন।
স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্ডের দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামা।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার সম্পর্কেও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ভোজিনিয়া। তিনি বলেছেন, 'আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটা ঘটনা হবে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন।'
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে তাঁর বড় ভূমিকা ছিল। সেই ম্যাচের পরই ভোজিনিয়া আলোচনায় উঠে আসেন। পরে জানা যায়, সময়মতো অর্থের ব্যবস্থা করতে না পারায় তাঁর মা বিশ্বকাপের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। পরে অবশ্য তাঁর যাওয়ার ব্যবস্থা করা হয় এবং এখন মাঠে বসেই ভোজিনিয়ার সাফল্য দেখছেন তিনি।
মায়ের উপস্থিতিতেই সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্ডে। ম্যাচ শেষে ভোজিনিয়া বলেন, 'আমরা কেউই সম্ভবত কখনো এমন কিছু কল্পনা করিনি। কিন্তু আমরা জানতাম, দল হিসেবে আমরা ভালো। বিশ্বকাপে আসার সময় হয়তো অনেকেই ভেবেছিল, আমরা একটি ম্যাচও জিততে পারব না। কিন্তু আমাদের দলটা দুর্দান্ত, দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো খেলোয়াড় আছে।'
মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্ডে। তারা বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর এখন তারা শেষ ৩২-এ প্রবেশ করেছে।
নিজেদের এই সাফল্য নিয়ে ভোজিনিয়া মন্তব্য করেছেন, 'আমরা দেখাতে পেরেছি, দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর। আমরা শুধু খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছি না, বিশ্বের সব কেপ ভার্ডিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। আমরা হয়তো ছোট একটি দেশ, কিন্তু আমাদের হৃদয় বড়। আর আমরা লড়াই করতে জানি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন