ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, বৈদ্যুতিক চিরুনি মাথায় চুল ফেরাল


টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, বৈদ্যুতিক চিরুনি মাথায় চুল ফেরাল

চীনা গবেষকেরা টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তারা একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। গবেষকদের দাবি, এই প্রযুক্তি চুলের গোড়ায় সরাসরি চিকিৎসার উপাদান পৌঁছে দিতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।

বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত গবেষণাপত্রে নতুন এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষকেরা যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিট্যাঙ্গল’। যদিও এটি দেখতে সাধারণ চিরুনির মতো, এর দাঁতের মধ্যে বিশেষ ইলেকট্রোড ও চিকিৎসার উপাদান সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, চুল আঁচড়ানোর সময় যন্ত্রটি ত্বকে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে। এতে ত্বকের কোষের আবরণ সাময়িকভাবে বেশি ভেদ্য হয়ে ওঠে। ফলে চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ও জিনগত উপাদান ত্বকের গভীরে থাকা চুলের ফলিকলে পৌঁছাতে পারে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে চিকিৎসার উপাদান প্রায় নয় গুণ বেশি গভীরে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি গবেষকদের।

আরও পড়ুন: হামের উপসর্গ ও ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭ জন

বিশেষ করে বংশগত টাক পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ ধরনের টাক পড়ার অন্যতম কারণ ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামের হরমোন। এটি চুলের সংবেদনশীল ফলিকলকে ধীরে ধীরে সংকুচিত করে। ফলে চুল পাতলা হয়ে একপর্যায়ে গজানো বন্ধ হয়ে যায়।

ডিট্যাঙ্গল দুটি জিনগত উপাদান ব্যবহার করে এই সমস্যা মোকাবিলায়। এর একটি ডিএনএ প্লাজমিড, যা ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর-এ (ভিইজিএফ-এ) নামের প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই প্রোটিনটি নতুন রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে। অন্য উপাদানটি স্মল ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ), যা ডিএইচটি উৎপাদনে ভূমিকা রাখা ৫-আলফা-রিডাকটেজ-২ এনজাইমের উৎপাদন কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

গবেষকদের মতে, এই দুই উপাদান এবং বৈদ্যুতিক উদ্দীপনার সম্মিলিত প্রভাবে চুলের ফলিকলের কার্যক্রম উন্নত হওয়ার পাশাপাশি কোষের শক্তি ব্যবহারের প্রক্রিয়াতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

প্রযুক্তিটির কার্যকারিতা যাচাইয়ে গবেষকেরা ইঁদুরের শরীরে বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করে পরীক্ষা চালান। আক্রান্ত স্থানে প্রতি তিন দিন অন্তর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এক মাসের পর্যবেক্ষণ শেষে টাক পড়া অংশে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে আসে।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের অফিস ফাঁকা রেখে ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেনস্তার চেষ্টা

অন্যদিকে, তুলনামূলক পরীক্ষায় একদল ইঁদুরকে প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিন ০.২ মিলিলিটার ওষুধ প্রয়োগের পর তাদের চুল পুনরুদ্ধারের হার ছিল স্বাভাবিক অবস্থার প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় ডিট্যাঙ্গল তুলনামূলকভাবে ভালো ফল দেখিয়েছে।

গবেষকদের ধারণা, চুল পড়ার চিকিৎসার পাশাপাশি ত্বকের গভীরে জিনগত উপাদান ও অন্যান্য চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তিটি কাজে লাগতে পারে। বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় এর সম্ভাবনা রয়েছে।

তবে প্রযুক্তিটি নিয়ে আশাবাদের পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এখন পর্যন্ত এর কার্যকারিতা যাচাই করা হয়েছে শুধু ইঁদুরের ওপর। মানুষের চুলের ফলিকল, হরমোনের প্রতি সংবেদনশীলতা এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধরন ভিন্ন হতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি নিরাপত্তা, ব্যবহারের সঠিক মাত্রা ও চিকিৎসার কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

সব মিলিয়ে, টাক পড়ার চিকিৎসায় বৈদ্যুতিক চিরুনি ডিট্যাঙ্গল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে মানুষের ওপর পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে টাকের নিশ্চিত সমাধান বলার সুযোগ নেই।

আরও পড়ুন: ডার্মাটোমায়োসাইটিস: চিকিৎসা, যত্ন ও সচেতনতার মাধ্যমে জীবনযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে পানি পড়ছে, দেয়াল থেকে বেরিয়ে এসেছে রড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে পানি পড়ছে, দেয়াল থেকে বেরিয়ে এসেছে রড

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি ৪ একর জমির উপর অবস্থিত। ভবনটির জরাজীর্ণ অবস্থা স্পষ্টভাবে দৃশ্যমান। বাইরের পলেস্তারা খসে পড়ছে, ভেতরে ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে এবং মেঝে সবসময় স্যাঁতসেঁতে থাকে। পিলার ও বিমে ফাটল দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও মরিচা ধরা লোহার রড বেরিয়ে এসেছে।

এই হাসপাতালটি বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন এলাকার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ইতোমধ্যে হাসপাতালের অর্ধেকেরও বেশি স্থান পরিত্যক্ত ঘোষণা করেছে। রোগীর চাপ এবং বিকল্প চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা নিচ্ছেন। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। পুরুষ, মহিলা ও গাইনি- তিনটি ওয়ার্ডের কোথাও শুকনো মেঝে নেই। ছাদের পানি ধরার জন্য বালতি রাখা হয়েছে। রোগীর বেডের পাশে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আছে।

গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, "দুই দিন ধরে এখানে ভর্তি আছি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে কখন যেন ছাদ ভেঙে পড়বে।" তার সাথে থাকা নাতি আতঙ্কে রয়েছে।

পাশের বেডে থাকা এক রোগীর স্বজন মন্তব্য করেন, "এটা কি হাসপাতাল না ভূতের বাড়ি? সরকারি হাসপাতাল বলে এসেছি, কিন্তু এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে।"

এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ডিউটি করি। মাথার উপর পানি পড়ছে, দেয়াল থেকে রড বের হয়ে আছে। কখন কি হয় বলা যায় না। আমরা নিজেরাও ঝুঁকিতে আছি।"

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে ৪ একর জমির উপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। শুরু থেকেই চিকিৎসক সংকট ছিল। ১৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও তখন ছিলেন মাত্র ৭ জন।

২০০৬ সালের প্রথম দিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে শয্যা বাড়লেও সেবার মান বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালে ৩৮ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৯ জন। অর্থাৎ ৭৬% চিকিৎসকের পদ শূন্য। নার্স, টেকনিশিয়ান ও কর্মচারী সংকটও প্রকট।

এই ৯ জন ডাক্তার দিয়েই দৈনিক বহির্বিভাগে ২০০-৩০০ রোগী এবং অন্তঃবিভাগে ১২০ থেকে ১৩০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণেরও বেশি রোগী গাদাগাদি করে ভর্তি থাকছেন মেঝেতে, বারান্দায় বা চলাচলের পথে।

মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় ২ লাখ মানুষের জন্য এটি একমাত্র সরকারি হাসপাতাল। মোংলা ছাড়াও সুন্দরবন সংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা এখানে চিকিৎসার জন্য আসেন। বন্দর এলাকা হওয়ায় শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসা এই হাসপাতালের উপর নির্ভর করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা খারাপ হতে শুরু করে। লবণাক্ত আবহাওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি দ্রুত নষ্ট হতে থাকে। তিনটি ওয়ার্ড থেকেই পানি পড়া শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ৮ থেকে ১০ বার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল দফতরে লিখিতভাবে জানিয়েছে।

সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই চিঠি দিয়ে জানালে গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর তারা হাসপাতালের একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেন।

কিন্তু পরিত্যক্ত ঘোষণা করলেই তো সমাধান হয় না। নতুন ভবন না থাকায় এবং রোগীর অত্যাধিক চাপে সেই পরিত্যক্ত ঘোষিত ওয়ার্ডেই বাধ্য হয়ে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

বর্তমানে ডাক্তার, নার্স, রোগী, রোগীর স্বজনসহ পথচারীরা সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। যে কোনো সময় ছাদের বড় একটি অংশ ধসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিন বলেন, "আমরা চরম ঝুঁকির মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা বারবার জানিয়েছি। নতুন ভবন নির্মাণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবনের অনুমোদন প্রয়োজন এবং এর প্রতিকারের প্রত্যাশা করছি।"

এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনা করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করে নতুন, আধুনিক ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণ করা হোক। অন্যথায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হবে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্বমঞ্চে জলবায়ু নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আজ বিশ্বমঞ্চে জলবায়ু নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়নের দাবি নিয়ে বিশ্বমঞ্চে বক্তব্য প্রদান করবেন। তিনি তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর দায়িত্ব, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রী গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছান। বুধবার (১১ নভেম্বর) তিনি সম্মেলনের বিশ্বনেতাদের অধিবেশনে অংশ নিতে সম্মেলনস্থলে যান। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজকের অধিবেশনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (তুরস্কের স্থানীয় সময়) বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বক্তব্যে জলবায়ু ন্যায়বিচারের পাশাপাশি অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন কার্যকর করার দাবি তুলে ধরা হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এ বাস্তবতায় জলবায়ু সংকটের জন্য দায়ী না হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যেন ঋণের বোঝা বহন করতে না হয়, সে বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার প্রত্যাশা রয়েছে।

এদিকে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার ওপর জোর দেন।

বুধবার তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। একই দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও বৈঠক করেন। সেখানে দুই দেশের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে।

এ ছাড়া বুধবার বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পাটের বহুমুখী ব্যবহার ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।

বুধবার সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ান আয়োজিত নৈশভোজেও স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্মেলনে বাংলাদেশের আরও দুটি গুরুত্বপূর্ণ পার্শ্ব-আয়োজন রয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশবান্ধব, পচনশীল ও বর্জ্যহীন পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে আরেকটি আয়োজন হবে। পাশাপাশি তুরস্কের সঙ্গে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার বাড়াতে যৌথ ঘোষণার উদ্যোগ রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) তিন দিনের সফর শেষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করেছেন। তিনি এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প’ হিসেবে চিহ্নিত করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কিমের এই পরিদর্শন গত সপ্তাহে ‘সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ’ তৈরির অঙ্গীকারের পর অনুষ্ঠিত হলো। পারমাণবিক অস্ত্রধারী দেশটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপি সিউল থেকে এই খবর জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নৌবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশটি ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করেছে এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পরিচালনা করেছে।

কিম নৌবহরকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ওজনের আরও বড় যুদ্ধজাহাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ইংরেজিতে প্রকাশিত প্রতিবেদনে জানায়, কিম পূর্ব উপকূলে একটি বড় নৌঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এই ঘাঁটির নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

প্রতিবেদন অনুযায়ী, কিম বলেছেন, ‘আধুনিক নৌঘাঁটি নির্মাণ আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গুণগত মান বজায় রেখে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।’

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সমুদ্রতীরবর্তী নির্মাণস্থল পরিদর্শন করছেন। অন্য একটি ছবিতে তাকে ঘিরে থাকা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। নতুন নৌঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও আয়তন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার উত্তর কোরিয়া নতুন একটি উচ্চগতির টর্পেডো ব্যবস্থা পরীক্ষা করেছে। এটি ২০২৭ সালের শুরুতে নৌবাহিনীতে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। গত বছর পারমাণবিক অস্ত্রধারী দেশটি ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটায়। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটি থেকে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বগুড়ায় করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে আসবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ অথবা মাসের শেষ দিকে তার এ সফর হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বগুড়ার সাতটি সংসদীয় আসনে সমানভাবে বিতরণ করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন, বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি এই জেলার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মীর শাহে আলম বলেন, "বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।"

প্রতিমন্ত্রী বলেন, "আমাদের ধৈর্য খুব কম, আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।" তিনি উল্লেখ করেন, বগুড়া বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে এবং সাংবাদিকতায় এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, "নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে।" তিনি আরও বলেন, "বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি।" তিনি সকলকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%