প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহার রাজ্য সরকার নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার ফলে বন্যার পানিতে ভেসে আসা এবং ধরা পড়া অপরিচিত মাছ খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, এসব মাছ কেনাবেচা থেকেও বিরত থাকার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়, নেপাল থেকে আসা বন্যার পানি গণ্ডক ও কোশী নদী দিয়ে বিহারের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যার ফলে সেখানে অস্বাভাবিক চেহারার মাছ ভেসে আসছে।
বিভাগটি জানিয়েছে, বন্যার পানিতে পয়োনিষ্কাশনের ময়লা, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু থাকতে পারে। ফলে, ওই পানি থেকে ধরা মাছও দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার পানি থেকে ধরা মাছ কেনা, বিক্রি এবং খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সরকারি সতর্কবার্তায় বাসিন্দাদের বিশেষভাবে অচেনা বা অস্বাভাবিক চেহারার মাছ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। যদি কোথাও এমন মাছ পাওয়া যায়, তাহলে স্থানীয় মৎস্য কর্মকর্তা বা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব মাছ খাওয়ার পর যদি বমি, ডায়রিয়া, পেটব্যথা, মাথা ঘোরা অথবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের আকস্মিক বন্যার পানি ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতের বিহারের বিভিন্ন নদীতে প্রবাহিত হয়েছে। এর সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পলি, গাছের গুঁড়ি, ধ্বংসাবশেষ এবং মৃত প্রাণী ভেসে আসায় পানিদূষণের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদী এবং বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন