প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নতুন হাসননগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মাদ্রাসা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—শফিক মিয়ার মুদি মালামালের দোকান, আব্দুল ওয়াহিদের মুদি মালামালের দোকান, বাবুল মিয়ার বয়লার মুরগির দোকান এবং ফারুক মিয়ার বসতঘর।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। মসজিদের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালান তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে দোকানগুলোর ভেতর থেকে কোনো মালামাল বের করে আনার সুযোগ পাননি ব্যবসায়ীরা। চোখের সামনেই পুড়ে যায় দোকানের পণ্যসামগ্রী ও ব্যবসার পুঁজি। একই সঙ্গে ফারুক মিয়ার বসতঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এবং লোনের মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করছিলেন। অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন একদিকে ব্যবসার পুঁজি হারিয়েছেন, অন্যদিকে ঋণের বোঝা নিয়ে চরম সংকটে পড়েছেন।ক্ষতিগ্রস্ত ফারুক মিয়ার বসতঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে যাওয়ায় বর্তমানে তার পরিবার বসবাসের সংকটে পড়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের ভাষ্য, সর্বস্ব হারিয়ে এখন নতুন করে ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন। তাই মানবিক দিক বিবেচনায় সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন