প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার পরিকল্পনা করছে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার জন্য। এ উদ্দেশ্যে দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শুক্রবার (২৭ নভেম্বর) এসব তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড খানা (পরিবার) তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণীত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির মূল পর্যায়ের বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রমের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য তাদের ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে। তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি অনলাইনে তথ্য সংগ্রহ করছেন এবং সংগৃহীত তথ্য কেন্দ্রীয় ডেটাবেজে যুক্ত হচ্ছে।
প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার ধরে একজন নারীকে পরিবারপ্রধান হিসেবে বিবেচনা করে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে ডেটাবেজ থেকে উপযুক্ত উপকারভোগী নির্বাচন করা হবে।
চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট বিভাগে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পিএমটি স্কোরের ভিত্তিতে ফ্যামিলি কার্ডের জন্য ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে নির্বাচন করা হয়েছে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৯৫টি পরিবার ভাতার আওতায় এসেছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংক এবং বেসরকারি পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে।
এছাড়া, সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির মধ্যে কর্ম এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। ৫৬টি জেলায় গ্রামীণফোন এবং চট্টগ্রাম বিভাগের আটটি জেলাসহ কুমিল্লা ও চাঁদপুর সদর উপজেলায় রবি আজিয়াটা এসব সেবা প্রদান করবে।
উপকারভোগীরা যাতে ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্ট এবং প্রান্তিক পর্যায়ে সফট পিওএস ব্যবহার করে ভাতা তুলতে ও লেনদেন করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস অপারেটরগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের কাজ চলছে।
ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত উপকারভোগী নির্বাচনের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা নিতে কমিটি নির্দেশ দিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সেবা দিতে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশও করা হয়েছে।
নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন