প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
আজ ২৮ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান সহ ছাত্রদলের দুইজন নেতা।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক একজন নেতাকে মুঠোফোনে কল করেন। ফোনে আসাদ তাঁকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। এ ঘটনায় আটকের পর তাঁকে কেন ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম, তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
তিনি আরও বলেন, এটা এখন নিউজে দিয়েন না ভাই, থানায় আসেন, আপনার সঙ্গে কথা বলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন