১১:০৮ এম
ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে, তারা সউদী আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার ফলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৫টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং শহরের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা এক দিনের মধ্যে তৃতীয়বারের মতো রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া, নজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতেও হামলা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা নির্ধারিত আগমনী ফ্লাইটের প্রায় ৪০ শতাংশ এবং প্রস্থানকারী ফ্লাইটের ৩০ শতাংশ। এই পরিস্থিতিতে লুফথানসা ও এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি বিমান সংস্থা রিয়াদে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সফটওয়্যার কারসাজিতে ৫.৩৮ লাখ ভোটার বাদ
সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আকাশে বাধা দেওয়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে পড়ে এবং উক্ত স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহত হয়েছেন কি না, তা সংস্থা জানায়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে সউদী আরবের বিমানবন্দরগুলোতে হামলায় তিনজন নিহত হয়েছেন। সউদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন