ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মার্কিন রাষ্ট্রদূতের গরুর মাংস বাংলাদেশে আনার হালাল সনদ প্রস্তাব


মার্কিন রাষ্ট্রদূতের গরুর মাংস বাংলাদেশে আনার হালাল সনদ প্রস্তাব

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব করেছেন। সোমবার (২৩ নভেম্বর) তিনি এক বার্তায় এ তথ্য জানান।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন উল্লেখ করেন, "আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে।" তিনি বলেন, গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, ফলে আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, "এ উদ্যোগের শুরু হতে পারে সহজ একটি পদক্ষেপের মাধ্যমে।" হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। এরপর বাজারই নির্ধারণ করবে, এ মাংসের চাহিদা কতটা।

আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজে সম্পদের সুষম বণ্টনের ইসলামী ধারণা ও মানবিক গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


সমাজে সম্পদের সুষম বণ্টনের ইসলামী ধারণা ও মানবিক গুরুত্ব

সমাজে সম্পদের অভাবের চেয়ে বড় সমস্যা হলো সম্পদের অসম বণ্টন এবং অব্যবহার। একদিকে, অনেকের জমি, পুকুর, গবাদি পশু, ভবন কিংবা উৎপাদনক্ষম যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে; অন্যদিকে, সামান্য পুঁজি বা উপকরণের অভাবে বহু মানুষ কর্মসংস্থান ও উৎপাদনের সুযোগ থেকে বঞ্চিত হয়।

এই ব্যবধান কমানোর জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও মানবিক ধারণা হলো মানিহা। মানিহা বলতে বোঝায় এমন একটি কল্যাণমূলক ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি নিজের সম্পদের মালিকানা অক্ষুণ্ন রেখে অন্য কাউকে নির্দিষ্ট সময়ের জন্য তা ব্যবহার করার অথবা তা থেকে উৎপন্ন সুফল ভোগ করার সুযোগ দেন। উদাহরণস্বরূপ, একজন গাভির মালিক তাঁর গাভিটি কোনো দরিদ্র পরিবারকে দেন, যাতে পরিবারটি গাভির দুধ থেকে উপকৃত হতে পারে। তবে গাভির মালিকানা গাভির মালিকের কাছেই থাকবে এবং নির্ধারিত সময় শেষে গাভিটি তাঁকে ফিরিয়ে দেওয়া হবে।

একইভাবে, কৃষিজমি কাউকে চাষাবাদের জন্য, ফলের বাগান ফল সংগ্রহের জন্য কিংবা কোনো যন্ত্রপাতি উৎপাদনকাজে ব্যবহারের জন্য প্রদান করা যেতে পারে। এখানে মূল সম্পদ হস্তান্তর করা হচ্ছে না, বরং সম্পদ থেকে পাওয়া সুবিধা বা উৎপাদিত সুফল ভাগ করে নেওয়া হচ্ছে।

মানিহার এই ব্যবস্থার গুরুত্ব বোঝাতে মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, "উত্তম কাজের সংখ্যা ৪০টি। এর মধ্যে সর্বোত্তম হলো কাউকে দুধেল ছাগল মানিহা হিসেবে দেওয়া।" (সহিহ বুখারি, হাদিস : ২৪৮৮)

অন্য একটি হাদিসে দুধেল পশু মানিহা হিসেবে দেওয়াকে উত্তম সদকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব হাদিস থেকে বোঝা যায়, মানুষের কল্যাণে নিজের উৎপাদনক্ষম সম্পদের সুফল অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।

মদিনায় হিজরতের পর আনসার সাহাবিরা মুহাজিরদের নিজেদের খেজুরবাগান ও কৃষিজমির উৎপাদন থেকে উপকৃত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এর ফলে মুহাজিরদের অর্থনৈতিক সংকট লাঘব হয়েছিল।

এ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে সম্পদের মালিকও উৎপাদিত ফসলের অংশ পেতেন। আবার একটি সম্পদ থেকে একাধিক ব্যক্তিও উপকৃত হতে পারতেন। মুহাজিররা স্বাবলম্বী হওয়ার পর এসব সম্পদ মালিকদের কাছে ফিরিয়ে দেন। এটি প্রমাণ করে, মানিহা শুধু পশু বা দুধের মধ্যে সীমাবদ্ধ নয়; উৎপাদনক্ষম কৃষিজমি ও অন্যান্য সম্পদের ক্ষেত্রেও এর প্রয়োগের সুযোগ রয়েছে।

আধুনিক অর্থনীতিতে মানিহার প্রয়োগ আরো বিস্তৃত হতে পারে। সরকার, ব্যাংক, ওয়াকফ প্রতিষ্ঠান, সমবায় কিংবা দাতব্য সংস্থা অব্যবহৃত জমি, ভবন, যানবাহন ও যন্ত্রপাতি এ ব্যবস্থার আওতায় উপযুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য ব্যবহারযোগ্য করে তুলতে পারে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান উদ্বৃত্ত বা অব্যবহৃত সম্পদ কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের ব্যবহারের জন্য দিতে পারে। ইসলামী আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনে মানিহার সঙ্গে ইজারা, মুজারাআ বা মুশারাকার মতো শরিয়াহসম্মত চুক্তির সমন্বয় করতে পারে। এতে কিছু সুবিধা বিনা মূল্যে দেওয়া সম্ভব হবে, আবার পৃথক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের বিনিয়োগ বা পরিচালন ব্যয়ও পুনরুদ্ধার করা যাবে।

মানিহার মূল শিক্ষা হলো মানুষের কল্যাণে সব সময় সম্পদের মালিকানা হস্তান্তর করতে হয় না। অনেক সময় সম্পদের ব্যবহার ও সুফল ভাগ করে দিলেই একজন মানুষ স্বাবলম্বী হতে পারেন, একটি পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে কিংবা একটি জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। সম্পদ শুধু ব্যক্তিগত ভোগ বা সঞ্চয়ের বিষয় নয়; এর সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। মানিহা সেই দায়বদ্ধতাকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার এক মানবিক ও সম্ভাবনাময় পথ।

লেখক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের উপস্থিতিতে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


দক্ষিণ কোরিয়ায় রুশ সামরিক বিমানের উপস্থিতিতে জরুরি সতর্কতা জারি

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার নিকটবর্তী অবস্থানে রাশিয়ার একাধিক সামরিক বিমান উপস্থিত হওয়ায় দেশটির একটি দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া যুদ্ধবিমানও উড়িয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

দেশটির সামরিক বাহিনী জানায়, পূর্ব উপকূলের উলেউং দ্বীপের আকাশসীমার দিকে রাশিয়ার একাধিক সামরিক বিমান অগ্রসর হচ্ছিল। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতা হিসেবে বাসিন্দাদের আশ্রয় নিতে বলা হয়। তবে শেষ পর্যন্ত রুশ বিমান দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমায় প্রবেশ করেনি।

সতর্কবার্তাটি জারির তিন মিনিট পরই প্রত্যাহার করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিরোধে দেশটির যুদ্ধবিমান কৌশলগত তৎপরতা গ্রহণ করে।

এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে দেশটির সামরিক প্রতিনিধিকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক বিমান সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে। তবে এই অঞ্চলে প্রবেশ করা মানে দেশটির মূল আকাশসীমায় ঢুকে পড়া নয়। রাশিয়া এই শনাক্তকরণ অঞ্চলকে স্বীকৃতি দেয় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সাউদার্ন হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ফরিদপুরে সাউদার্ন হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু

ফরিদপুরের সাউদার্ন জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে একটি নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি গুরুতর অসুস্থ ছিলেন এবং ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ জানালেও নার্সরা তা উপেক্ষা করে তাঁকে হেঁটে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় নবজাতকের বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাউদার্ন জেনারেল হাসপাতালটি শহরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরেজমিনে হাসপাতাল ও থানায় গিয়ে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়। রাতে হাসপাতালের ভুক্তভোগী পরিবার, সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যায়।

পরিবারের সদস্যরা জানান, গুরুতর অসুস্থ প্রসূতিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও নার্সরা তা উপেক্ষা করেন। একপর্যায়ে অপারেশন থিয়েটারের ভেতরে মাথা ঘুরে মেঝেতে পড়ে যান ওই প্রসূতি। পরে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখা গেছে।

ভুক্তভোগী প্রসূতি কাকলি আক্তার (৩০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুসকুনি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. ফরহাদ হোসেন। পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) কাকলি চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয়ের কাছে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ নিতে এসেছিলেন। তখন তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার (২৩ নভেম্বর) সিজারের জন্য তাঁকে সাউদার্ন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, সোমবার সকাল ৯টার দিকে কাকলিকে হাসপাতালের সপ্তম তলার একটি সাধারণ বেডে ভর্তি করা হয়। এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পানি ভেঙে যাওয়ায় দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। সকাল ১১টার দিকে তাঁর ইসিজি করা হলে নার্সরা মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানান। তবে নির্ধারিত সময়ে চিকিৎসক উপস্থিত না হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

স্বজনদের বক্তব্য অনুযায়ী, প্রথমে সকাল ১১টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও চিকিৎসক উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে অপারেশনের সময় নির্ধারণ করা হয়। দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে চিকিৎসক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এরপর কাকলিকে অপারেশনের জন্য নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

এ সময় অসুস্থ কাকলিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করেন। কিন্তু দায়িত্বে থাকা দুই নার্স তাঁদের অনুরোধ উপেক্ষা করে কাকলিকে হেঁটে যাওয়ার কথা বলেন। একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাঁকে পায়ে হেঁটেই অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হয়।

কাকলির ভাই সোহেল শেখ গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, ‘আমরা বারবার নার্সদের বলেছি, আমার বোনের শারীরিক অবস্থা ভালো না। সে হাঁটতে পারবে না। আপনারা দয়া করে ট্রলিতে করে ওটিতে নিয়ে যান। কিন্তু তাঁরা আমাদের কোনো কথাই শোনেননি। উল্টো বলেছেন, রোগীর তেমন কিছু হয়নি, হেঁটেই যেতে পারবেন। আমরা বোনকে ধরে নিয়ে যাওয়ার কথা বললেও তাঁরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

কাকলির বোন শিউলি শেখ আক্তারও একই অভিযোগ করেন। শিউলি আরও বলেন, ‘আমার বোন পড়ে যাওয়ার পর তার পেটে প্রচণ্ড আঘাত লাগে বলে আমরা মনে করছি। পরে সিজার শেষে চিকিৎসক জানান, নবজাতকটি মারা গেছে। আমরা শিশুটির মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পেয়েছি। মাথার ওপরের অংশেও গুরুতর আঘাত ছিল। একজন মা নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করার পর সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই হারালেন। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? আমরা চাই, এমন ঘটনা যেন আর কোনো মায়ের সঙ্গে না ঘটে।’

এ ঘটনায় কাকলির স্বামী ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে হাসপাতালের অব্যবস্থাপনা, নার্সদের দায়িত্বে অবহেলা ও অসচেতনতাকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

চিকিৎসক স্বপ্না বিশ্বাস জয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগী মাথা ঘুরে পড়ে যাওয়ার পরপরই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। রোগীর রক্তচাপ কম থাকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে বলেও তিনি জানান।

অন্যদিকে, হাসপাতালের অন্যতম শেয়ারহোল্ডার চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ বলেন, ‘ঘটনাটি আমরা মাত্র জেনেছি। বিষয়টি পরিপূর্ণভাবে জেনে-বুঝে কী করা যায়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতালে ২০ জন শেয়ারহোল্ডার রয়েছেন। আমি তাঁদের বিষয়টি অবহিত করছি এবং ঘটনাটি সবার নজরে আনছি।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। আমরা হাসপাতালে পুলিশ সদস্য পাঠাচ্ছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নার্সদের শনাক্ত করার চেষ্টা করছি।’

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনার দাম ফের বাড়ল, প্রতি ভরি ২২ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


সোনার দাম ফের বাড়ল, প্রতি ভরি ২২ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভ্যাটসহ ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এই নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

একটি বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%