প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ফলে প্রায় ৩৮টি ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন একটি ঘর থেকে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রায় ৩৮টি ঘর পুড়ে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নাবান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, কারখানার ছুটি শেষে বাড়িতে আসার পর হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর আগেই আমাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন