প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ ভূরঘাটা-মোল্লারহাট সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গভীর গর্ত। কোথাও কোথাও গর্তের গভীরতা এক হাতেরও বেশি। উঠে গেছে সড়কের পিচ ও সলিং, বেরিয়ে এসেছে নিচের মাটি। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে তৈরি হয় আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকেরা।
বিশেষ করে কালকিনি বাজার থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে নাজুক বলে জানিয়েছেন স্থানীয়রা। উপজেলার সিডিখান, শিকারমঙ্গল, জুরগাঁও, রমজানপুর, সাহেবরামপুর, মোল্লারহাট ও কয়ারিয়াসহ বিভিন্ন এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই সড়ক।
স্থানীয় বাসিন্দা মো. তামিম হাসান বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করি। রাস্তার বেহাল অবস্থার কারণে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত সড়কটির স্থায়ী সমাধান করা হোক, যাতে দুর্ঘটনা কমে আসে।’
কালকিনি কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যাতায়াত করি। সড়কের গর্ত ও খানাখন্দের কারণে আমাদের অনেক অসুবিধা হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। আমরা দ্রুত এর সমাধান চাই।’
সড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়ে গাড়িচালক মইনুদ্দিন বলেন, ‘আমি একবার মরতে মরতে বেঁচে গেছি। আমার গাড়িটি অল্পের জন্য পালরদী নদীতে পড়ে যায়নি। এভাবে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত রাস্তাটি মেরামত করে আমাদের সমস্যার সমাধান করা প্রয়োজন।’
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে সংস্কারের অভাবে খানাখন্দ তৈরি হলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ।
তবে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রকৌশলী বিভাগ। কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, জনগুরুত্বপূর্ণ উপজেলা সড়ক হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে রক্ষণাবেক্ষণের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুতই সড়কটির মেরামতকাজ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, কাগজে-কলমে প্রাক্কলন পাঠানোর মধ্যেই যেন উদ্যোগ সীমাবদ্ধ না থাকে। দ্রুত সংস্কারের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন হাজারো মানুষ। পাশাপাশি কমবে দুর্ঘটনার ঝুঁকিও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন