প্রিন্ট এর তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ই নভেম্বর, ২০২৬ইং; ১২:০৩ পি.এম
ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের চরাঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে ৭৫ মিটার দীর্ঘ একটি কাঠের সেতু। সেতুটি চালুর ফলে অবহেলিত চরাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এই পথে যাতায়াত করতে গিয়ে চরম চরম ভোগান্তি ও ঝুঁকিতে পড়তেন সাধারণ মানুষ। বছরের পর বছর জনপ্রতিনিধিদের নানা আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি কোনো টেকসই সমাধান। অবশেষে চরাঞ্চলের মানুষের এই তীব্র কষ্ট নজরে আসে সমাজসেবক জাহাঙ্গীর আলম রতনের। তিনি নিজস্ব তহবিল থেকে মাত্র ৫৫ হাজার টাকা ব্যয়ে দ্রুততম সময়ে ৭৫ মিটারের এই সেতুটি নির্মাণ করে দেন।
সেতুটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পূর্ব পাশে রয়েছে হোসেনপুর পৌর এলাকা এবং পশ্চিম পাশে সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রাম। দুই পাশের কাঁচা রাস্তার সংযোগস্থলে নির্মিত এই সেতুটি এখন চরাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের মূল চালিকাশক্তি। স্থানীয়দের তথ্য মতে, প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ৮ হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য দ্রুত ও সহজে বাজারে নেওয়ার জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতন বলেন, "এটি কোনো নির্বাচনী প্রচারণার অংশ নয়, জনগণের সেবাই আমার জীবনের মূল ব্রত। নির্বাচনের আগে কেবল ভোট পাওয়ার জন্য নয়, মানুষের কষ্ট দূর করতেই এই উদ্যোগ।"
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আগামী নির্বাচনে সিদলা ইউনিয়নবাসী যদি আমাকে বিজয়ী করেন, তবে এই সেতুটি আমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাকা (স্থায়ী) করে দেব। যেন এলাকার কৃষকেরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে সঠিক মূল্য পান, রোগীরা যেন দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারেন এবং চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে।"
সেতুটি চালু হওয়ায় চর বিশ্বনাথপুরসহ আশপাশের চরাঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুটি তাদের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে এবং এখন তারা সহজে ও স্বল্প সময়ে পৌর এলাকায় যাতায়াত করতে পারছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"