প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১৫ জন আসামীকে ঢাকার একটি আদালত এক দিন করে রিমান্ডে পাঠিয়েছেন।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডে নিতে শুনানি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত আসামিদের মধ্যে রয়েছেন লিমন খান (২৪), দেওয়ান ইসমাইল (২১), ফাহিম মিয়া (২২), রতন (২২), রাব্বি ওরফে রাফি (১৯), রাতুল শীল (২১), মিনারুল মিয়া (২২), মাসুদ রানা ওরফে লিমু (৩৬), জিহাদ হাসান (২০), আবু সাইম ওরফে সায়েম বাবু (৪৫), ফাহিম (১৯), শাকিল মিয়া (১৯), রাজিব (১৯), সানি (১৯) এবং রাজন মিয়া (১৯)।
এর আগে ১৯ আগস্ট যুবলীগ নেতা মোতালিব, যুবলীগ নেত্রী মেহেজাবীন আক্তার মালা, রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, রমজান, মামুন, মিঠু ওরফে আমির হোসেন, আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ, সুমন মিয়া, আরিফ মিয়া, মোস্তাক মিয়া, সাইম হোসেন, জাহিদ হাসান এবং শাহিন হোসেন ইমনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক অঞ্চলের এম-ব্লক, রোড-২৮-এর একটি বাসার দ্বিতীয় তলায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৫২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযান চলাকালে পুলিশ তাদের কাছ থেকে দু’টি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করে। মামলার নথিতে উল্লেখ রয়েছে যে, জব্দ করা ব্যানারগুলোর মধ্যে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের কথাও উল্লেখ ছিল। এ ঘটনায় ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন