প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান বিশ্ব চারটি নির্ভেজাল স্বৈরতন্ত্রের মধ্যে টালমাটাল অবস্থায় রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি এই চার স্বৈরতন্ত্রের প্রতিনিধিত্ব করছেন। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, অর্থাৎ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এই ফলাফল ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের অবসান ঘটাবে না। তবে মার্কিন পার্লামেন্টের শক্তি সরকারকে যথেষ্টভাবে প্রভাবিত করে। ফলে ট্রাম্পের অন্যায্য শুল্কনীতি, অমানবিক অভিবাসন নীতি, গরিবদের স্বাস্থ্য কার্যক্রম এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যাকে সমর্থন করার মতো বিষয়গুলোতে পরিবর্তন আসতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি সংবেদনশীল দেশ, যেখানে ট্রাম্পের প্রশাসন এবং কার্টার প্রশাসন উভয়েই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। আবার ট্রাম্পের আচরণে অস্থিরতা দেখা দিতে পারে, যা তার আগ্রাসী নীতির প্রতিফলন ঘটাবে।
জাতিসংঘ, ন্যাটো, আন্তর্জাতিক আদালত, ইউরোপ বা জি-২০-এর প্রতি ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য নীতির পরিবর্তন দেখা যেতে পারে। কানাডার বিরুদ্ধে শুল্কের কারণে মার্কিন কট্টর রক্ষণশীল রাজ্যগুলোতে রিপাবলিকানদের পরাজয় একটি ঐতিহাসিক ঘটনা। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে জেন-জিরা একটি উল্লেখযোগ্য আন্দোলন করেছিল। মুসলিমপ্রধান দেশের বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে নীরব ছিল। তবে ট্রাম্প প্রশাসন আন্দোলন দমাতে পুলিশ ব্যবহার করে এবং ফিলিস্তিনি ছাত্রদের দেশ থেকে বহিষ্কার করে। কিন্তু জেন-জি ওই ঘটনার স্মৃতি মনে রেখেছে এবং এবারের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছে। মূলত ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদি ইসলামবিদ্বেষী।
প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহায়তা কমিয়ে দিয়েছেন এবং পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সমর্থন করেছেন। যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়া অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। পুতিনের রাজনৈতিক অবস্থান এমন যে, রাশিয়ায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পুতিন বিরোধিতা সহ্য করেন না এবং রাশিয়াকে যুদ্ধের মাধ্যমে জিম্মি করে রেখেছেন। তার অপসারণ এবং নির্বাচনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়। ভারতের নরেন্দ্র মোদি এখন প্রকৃত গণবিক্ষোভের মুখোমুখি। তার মুসলিমবিদ্বেষী নীতি, ভোটার তালিকা থেকে মুসলিমদের গণবহিষ্কার, দুর্নীতি এবং ধনীদের প্রতি নজিরবিহীন পৃষ্ঠপোষকতা তরুণদের মধ্যে ‘তেলাপোকা’ আন্দোলনের জন্ম দিয়েছে। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল রাস্তায় নেমেছে।
এই আন্দোলন মোদি সরকারের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এবং সরকারের বিশ্বাসযোগ্যতায় চিড় ধরেছে। পার্লামেন্টে মিত্র দলের গাঁটবন্ধনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজপথের অসন্তোষ সেই সংখ্যাগরিষ্ঠতাকে অগ্রাহ্য করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনারও পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু জুলাই মাসের গণঅভ্যুত্থানে তা ভেঙে পড়েছে। বাংলাদেশে জেন-জিরা হাসিনা খেদাও আন্দোলনের জন্য লন্ডনের ‘দ্য ইকোনমিস্ট’ ২০২৪ সালে বাংলাদেশকে ‘বিশ্বসেরা দেশ’ হিসেবে অভিহিত করেছিল। বাংলাদেশে রাজপথের রাজনীতিই নিয়ামক হিসেবে কাজ করছে। ভারত এখন বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। তাদের আশ্রিত ‘হাসিনা’কে দুই রাষ্ট্রের সম্পর্কের নিয়ামক বানাতে চায়। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করেছে তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে। এর মধ্যে একটি ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে শেখ হাসিনার জন্য পাসপোর্ট চেয়ে অথবা পাসপোর্ট পেতে কী করণীয়, তা জানতে।
শেখ হাসিনার পাসপোর্ট কোথায়, ২৪ সালের ৫ আগস্ট তিনি ভারতীয় ইমিগ্রেশনের মাধ্যমে দিল্লিতে প্রবেশ করেছেন কি না, সে তথ্য ভারত সরকারই দিতে পারবে। শেখ হাসিনা যে বাংলাদেশে পাসপোর্ট চাইছেন, তা কি দেশে আসার জন্য, না অন্য কোনো দেশে যাওয়ার জন্য? অথবা ভারতীয় আদালতে এই বলতে যে, বাংলাদেশ সরকার তাকে দেশে যেতে দিচ্ছে না। শেখ হাসিনা যদি দণ্ডিত অবস্থায় পাসপোর্ট পান, তবে দণ্ডপ্রাপ্ত অন্য আওয়ামী নেতারাও পাসপোর্টের জন্য আবেদন করতে শুরু করবেন। বর্তমান বাংলাদেশে ককটেল ফাটানো ও আগুন-সন্ত্রাসের যে গুপ্ত রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ, মনে হচ্ছে ‘ককটেল রানি’ হয়ে হাসিনা দেশে ফিরতে চান। দেশপ্রেমিক মহলের অভিমত, ভারত এই নাশকতা সমর্থন করছে এবং পার্বত্য চট্টগ্রামকেও অস্থির করে তুলছে।
মূলত শেখ হাসিনার মতো ট্রাম্পও নির্বাচনের ফলে দুরভিসন্ধি ও জালিয়াতি দেখছেন। নেতানিয়াহু ইসরাইলের নির্বাচনে আরব পার্টিগুলোর ঐতিহাসিক বিজয়কে ভোট চুরি হিসেবে দেখছেন এবং মোদির ভোট চুরি তো ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ও তেলাপোকাদের আন্দোলনে প্রমাণিত হয়েছে। ট্রাম্প সমর্থিত খুনি নেতানিয়াহু সম্প্রতি নির্বাচনে সরকার গঠনের মতো গরিষ্ঠতা পাননি। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী সম্ভবত নেতানিয়াহুর মতো গণহত্যা চালাবেন না, কিন্তু সাবেক সেনাপ্রধান হিসেবে আইজেনকোট কতটা পরিবর্তন আনবেন, তা সময়ই বলে দেবে। মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান ইসরাইলবিরোধী মনোভাবের প্রেক্ষিতে ভোটের দিন ট্রাম্প ফেসবুকে পোস্ট করেছিলেন যে, ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যাবে।
ইউরোপসহ বিশ্বের অনেক দেশে জেন-জিরা এখন সক্রিয়। ফ্রান্স ও স্পেনে আন্দোলন তুঙ্গে। ইউরোপে অভিবাসনবিরোধীরা ভোটে জয়ী হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাজনৈতিক পীড়ন বা ফ্যাসিবাদ বর্তমানে দেশে নেই। তবে কিছু ছোটখাটো ঘটনা ঘটছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণে আমাদের রাজনীতিতে ফ্যাসিবাদ এখন বহুল ব্যবহৃত শব্দ। রুশ বিপ্লবের পর বিভিন্ন দেশে যখন কমিউনিস্টরা ক্ষমতায় আসছিল, তখন ইতালির ধনীদের আশঙ্কার মধ্যে বেনিতো মুসোলিনি নামে এক সমাজতন্ত্রী সাংবাদিক সহিংসতার মাধ্যমে ক্ষমতা নেওয়ার জন্য একটি ক্যাডার বাহিনী গঠন করেন, যার নাম Fascio di Combattimento অর্থাৎ সংগ্রামের জন্য সংহতি। প্রাচীনকালে রাজার সামনে একজন বাহক রাজদণ্ড নিয়ে যেতেন। প্রাচীন রোমে কনসালের সামনে একজন বাহকের হাতে থাকত এক বান্ডিল ডান্ডা ও একটি কুড়াল। তাকে বলা হতো Fasces। এ থেকেই ফ্যাসিবাদ শব্দটির উৎপত্তি। ফ্যাসিবাদের মূলমন্ত্র হলো, হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতা দখল করা, শোষকদের কায়েমি স্বার্থ বজায় রেখে শোষিতকে ভাত-কাপড়ের স্বপ্ন দেখানো। এর রাজনৈতিক দিক হলো সংবিধান লঙ্ঘন, মানবাধিকার হরণ, ভোটাধিকার খেয়ে ফেলা, একদল ছাড়া সব দলকে অস্তিত্বহীন করা, বাক-ব্যক্তি-চিন্তা সমাবেশের স্বাধীনতা বিলোপ, গুম, বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ইত্যাদি। বর্তমান সরকারের আমলে আমরা কি এসব দেখছি? ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে মাগুরার উপনির্বাচনের মতো দেখতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই সরকারের জন্য অ্যাসিড টেস্ট হবে। অভ্যন্তরীণ রাজনীতি এখনো রাজপথমুখী নয়। সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে সরকারি দল বা প্রধান বিরোধী দল আগ্রহী। তবে ১১-দলীয় ঐক্যের একটি ক্ষুদ্রাংশ আরেকটি গণঅভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আমাকে বলেছিলেন, এই তরুণরা আগামী নির্বাচনে সাফল্য না পেলে পরে দ্বিতীয় গণঅভ্যুত্থানও করতে পারেন। কিন্তু মানুষ আর অস্থিরতা চায় না, অশান্ত রাজপথ দেখতে চায় না। সুশাসন ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার তাদের প্রত্যাশা। সরকারের করণীয় অনেক।
লেখক: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি
ইকোনমিক টাইমসের সম্পাদক
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন