প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুরে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাহফিলে যোগদান ও তাঁর আগমন ঠেকাতে বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টির অভিযোগ উঠেছে সৈয়দ জুবায়ের কামালের অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁরা বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুরের কাশিমনগরে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাঁকে মাহফিলে দাওয়াত দেওয়ার বিরোধিতা করে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, শুধু বিক্ষোভ মিছিলই নয়, তাহেরির আগমন ঠেকাতে বিভিন্ন সড়কে তাঁর অনুসারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবরোধের অভিযোগও সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের হস্তক্ষেপে মুফতি তাহেরী মাহফিলে উপস্থিত হননি। এদিকে মাহফিলের মোনাজাত পরিচালনাকে কেন্দ্র করেও উপস্থিত ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সৈয়দ জুবায়ের কামাল মোনাজাত শুরু করলে উপস্থিত ভক্তদের একটি বড় অংশ মাহফিলস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৪ বছরের ঐতিহ্যবাহী কাশিমনগর সুন্নি মহাসম্মেলন চিরতরে বন্ধের ঘোষণা দেন খান্দুরা হাবেলীর পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম। রোববার দিবাগত রাতে মাহফিল শেষে তিনি জানান, রাজনৈতিক বিরোধের কারণে পারিবারিক ঐতিহ্য ও পূর্বপুরুষের সম্মান ক্ষুণ্ন হোক, তা তিনি চান না। যে মাহফিল আয়োজন করতে গিয়ে বাপ-দাদার ইজ্জত ও বাড়ির ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে, সেই মাহফিল তিনি আর আয়োজন করবেন না।
১৪ বছরের ঐতিহ্যবাহী একটি সুন্নি মহাসম্মেলনকে ঘিরে এমন বিরোধ, সড়কে অবরোধের অভিযোগ এবং শেষ পর্যন্ত মাহফিল বন্ধের ঘোষণায় স্থানীয় সুন্নি অনুসারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ ঘটনায় কারা সড়কে অবরোধ করেছিলেন, তাঁদের হাতে থাকা বস্তুগুলো কী ছিল এবং জনসাধারণের চলাচলে কী ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন