প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড তারকা আমির খান আবারও জাপানের সিনেমা হলে ফিরছেন। প্রায় নয় বছর পর, তার অভিনীত সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রেক্ষাগৃহে। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি জাপানে ২০২৭ সালের বসন্তে প্রদর্শিত হবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাপানি পরিবেশক গিক পিকচার্স ২৫ সেপ্টেম্বর সিনেমাটির জাপানে মুক্তির ঘোষণা দিয়েছে। সেখানে সিনেমাটি ‘সিতারে! দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট’ নামে মুক্তি পাবে। জাপানের হিউম্যান ট্রাস্ট সিনেমা ইউরাকুচো, ইয়েবিসু গার্ডেন সিনেমা-সহ আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
জাপানে আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দঙ্গল’, যা ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর ২০১৯ সালের আগস্টে তার প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ও জাপানের দর্শকদের কাছে পৌঁছেছিল। ফলে, ‘সিতারে জমিন পার’ হবে নয় বছর পর দেশটিতে আমির খানের অভিনীত নতুন সিনেমা।
‘সিতারে জমিন পার’ নামটি আমির খানের ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘তারে জমিন পার’-এর কথা মনে করিয়ে দেয়। তবে এটি ওই সিনেমার সরাসরি সিক্যুয়েল নয়। গল্প এবং আবেগের দিক থেকে সিনেমাটিকে ‘তারে জমিন পার’-এর আধ্যাত্মিক উত্তরসূরি বলা হচ্ছে।
আর. এস. প্রসন্ন পরিচালিত সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ কমেডি সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর ভারতীয় রিমেক।
সিনেমায় আমির খান গুলশান নামের এক সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে ব্যর্থতার পাশাপাশি বেপরোয়া আচরণের কারণে একসময় তিনি সমস্যায় পড়েন। এমনকি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় তাকে সামাজিক সেবামূলক কাজের সাজাও পেতে হয়।
সেই সাজা হিসেবে তাকে একটি বাস্কেটবল দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। দলের সদস্যরা সবাই প্রতিবন্ধী প্রাপ্তবয়স্ক। শুরুতে গুলশানের কাছে কাজটি ছিল শুধুমাত্র শাস্তির অংশ। কিন্তু ধীরে ধীরে দলের খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক বদলাতে থাকে।
দলের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে সাফল্য, ব্যর্থতা এবং জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে গুলশান। হাসি, আবেগ ও মানবিক সম্পর্কের মধ্য দিয়ে সিনেমার গল্প এগিয়ে চলে।
সিনেমাটির অন্যতম আলোচিত বিষয় ছিল অভিনয়শিল্পীদের নির্বাচন। দলের ১০ সদস্যের চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনে প্রতিবন্ধী ১০ জন নতুন অভিনয়শিল্পী। দীর্ঘ অডিশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।
বক্স অফিসেও সিনেমাটি উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের হিসাবে, ‘সিতারে জমিন পার’ বিশ্বব্যাপী প্রায় ২৬৭.৫২ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ভারতে আয় প্রায় ২০০.৭৭ কোটি এবং বিদেশের বাজার থেকে ৬৬.৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির নেট আয় ছিল প্রায় ১৬৭.৪৬ কোটি রুপি।
২০২৭ সালের বসন্তে জাপানে মুক্তির পর, আমির খানের এই সিনেমা দেশটির দর্শকদের কাছে কেমন সাড়া পায়, সেটিই এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন