প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে চলাচলকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান এবং বিমানভাড়া সম্পর্কে নতুন নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে যে, অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে বিমানভাড়া ভ্রমণের দূরত্বের ভিত্তিতে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স ও এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এই নির্দেশনা প্রদান করেন।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কিছু উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার এবং ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।
এ অবস্থায়, বেবিচক নির্দেশনা দিয়েছে যে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। পাশাপাশি, কেবিনের সকল অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বেবিচকের পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করে এবং যাত্রীসেবা প্রদান করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
যাত্রীসেবার মানের ক্ষেত্রে বৈষম্য দূর করার ওপরও গুরুত্বারোপ করেছে বেবিচক। সংস্থাটি বলেছে, কোনো এয়ারলাইন্স যদি অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও স্বাচ্ছন্দ্য প্রদান করে, তাহলে বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা প্রদান করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীরা যেন সেবার মানে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, কিছু রুটে ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় বিমানভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এই প্রেক্ষাপটে, ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমানভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় সার্বিকভাবে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমানভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন