প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তার এই উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও স্বস্তি ফিরবে।
শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় শিবপদ মন্ডল নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। সেতুটি নির্মাণ করা হয়েছে ৭৯ নম্বর পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়ার সংযোগস্থলে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি নির্মাণের আগে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে পারাপারে দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে। এখন সেতুটি চালু হলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল ও কলেজে যাতায়াত অনেক সহজ হবে।
স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড় মন্তব্য করেন, সেতু না থাকায় এত দিন এলাকার মানুষকে নৌকায় খাল পার হতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
আশীষ কুমার সরদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মিত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।
স্থানীয় বাসিন্দা দীপা মন্ডলের মতে, যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হতো। সেতুটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এ উদ্যোগে উপকৃত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বাসিন্দারাও। দুই পা না থাকা নীল কোমল বলেন, আগে ভাসমান ভেলায় করে খাল পার হতে অনেক কষ্ট হতো। সেতু নির্মাণের ফলে এখন চলাচল অনেক সহজ হবে।
শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি শিবপদ মন্ডল। একই উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি রাস্তা রয়েছে। এসব রাস্তা নির্মাণের ফলে কয়েক শ পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়।
এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। শিবপদ মন্ডলের মতো জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপদ মন্ডল সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক এলাকার বাসিন্দা। তিনি মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আগে থেকে তার ভূমিকা রয়েছে। তবে এবারই প্রথম বৃহৎ পরিসরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ সোলাদানা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের চারপাশে শিবসা, আমুরকাটাসহ একাধিক নদী এবং অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় এখানকার মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অনেক এলাকায় এখনো নৌকা ও বাঁশের সাঁকুই পারাপারের প্রধান অবলম্বন।
স্থানীয়দের মতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দায়িত্বে থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখনও তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
তবে শিবপদ মন্ডলের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার পাশাপাশি কিছু মানুষের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের উপকারে নেওয়া এমন উদ্যোগে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।
নিজ উদ্যোগে সেতু ও রাস্তা নির্মাণ করে শিবপদ মন্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অবহেলিত সোলাদানার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন