প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা ভ্রাম্যমাণ আদালতের আদলে বিশেষ ভেস্ট পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা, মানুষকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের তলবের পর নিজেদের কার্যক্রমের কোনো আইনি বৈধতা না থাকায় সংগঠনটি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ নামক একটি ব্যানারে আফরোজা আক্তার শোভা নামের এক নারীর নেতৃত্বে একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। প্রথম দেখায় তাদের পোশাক ও আচরণ দেখে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা ম্যাজিস্ট্রেটের অভিযানের দল বলে বিভ্রান্তি তৈরি হতো। তারা প্রকাশ্যেই মানুষের সমস্যা সমাধান, পাওনা টাকা উদ্ধার এবং সালিশ করার নামে নানা কর্মকাণ্ড চালিয়ে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করত।
এসব কর্মকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ও তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টি রাষ্ট্রীয় সংস্থাগুলোর নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন সংগঠনটির প্রতিনিধিদের ডেকে পাঠায়। সেখানে তাদের পরিচালিত কর্মকাণ্ডের আইনি ভিত্তি যাচাই করা হয়।
এ ঘটনার পর গতকাল সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, “জাতীয় মানবাধিকার কমিশন (সংবিধিবদ্ধ স্বাধীন রাষ্ট্রীয় কমিশন) থেকে মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থাকে ডেকেছিল। এ বিষয়ে আমাদের সংগঠনের কার্যক্রমগুলোর (ভেস্ট ব্যবহার করা, অভিযানে যাওয়া, সালিশ করা, অভিযোগ ও তদন্ত—এরূপ শব্দ ব্যবহার করা) কোনো ধরনের বৈধতা পাওয়া যায়নি বিধায় এই মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা থেকে এই মুহূর্তে অব্যাহতি নিলাম।”
একই পোস্টে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন