১০:৩৯ পি.এম
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নিজেদের দাবি তুলে ধরেন তিনি।
এর আগে, বিকেল ৬ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০ শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান করেন।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাউসার।
পরবর্তীতে, কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে, বাসের গতিরোধ করে তিনিসহ অজ্ঞাত ৩-৪ জন গিয়ে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
ভাঙা কাচের আঘাতে তিন শিক্ষার্থী- পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন। এ ছাড়া, হামলা ঠেকাতে গেলে বাসচালক মো. সাজ্জাদ হোসেনের ঘাড়ে আঘাত করা হয় এবং তার ডান কনুইয়ের নিচে কামড় দেওয়ার অভিযোগ রয়েছে। ছাত্র উদয় চক্রবর্তীও ডান হাতের কনুইয়ের ওপর আঘাত পেয়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
এ বিষয়ে বাসচালক বাদী হয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সিংগাইর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত কাওছার বর্তমানে পলাতক রয়েছেন।
বুধবার থানায় উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উপাচার্য ড. মো. রইছ উদ্দীন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি করেছেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাইকে আমরা আশ্বস্ত করেছি যে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসব।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।
আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন