প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার শিবগঞ্জের জাঙ্গিয়ায় ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামের এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জামালের কাছ থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জামাল খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে তারা। অভিযানের সময় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা জামালকে সন্দেহজনক মনে হলে তার দেহে তল্লাশি চালানো হয়। পরে জামালের পরিহিত জাঙ্গিয়ায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একাধিক জিপার প্যাক থেকে চার হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪৯৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছেন যে, তিনি কাপড় ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত। এর আগে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বগুড়া ডিএনসির উপপরিচালক জিললুর রহমান জানান, এই ঘটনার পর শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে, যাতে এই চালানের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা যায়। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন