প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এমপি ওয়াহাব আকন্দ বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মধ্যেই নিহিত রয়েছে দেশের ভবিষ্যৎ।" তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে সুশিক্ষা, দক্ষতা, সততা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি উল্লেখ করেন, "শুধু সনদ অর্জন নয়, বাস্তব জীবনে নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।"
তিনি আরও বলেন, "বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা ছাড়া আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।" এমপি ওয়াহাব আকন্দ শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করার আহ্বান জানান।
সমসাময়িক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "দেশের অর্থনৈতিক অগ্রগতি, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।" তিনি তরুণদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "নতুন প্রজন্মের হাত ধরেই একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
কলেজের শিক্ষক নাহিদ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খান।
কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম আরিফুর রহমান।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, "শিক্ষাজীবন শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনের সময় নয়, বরং নিজেকে দেশ ও সমাজের কল্যাণে প্রস্তুত করার গুরুত্বপূর্ণ অধ্যায়।" তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আগামীর যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন