প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান আঞ্চলিক অস্থিরতা এবং দেশটির ওপর হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও, ২০২৭ সালের এশিয়ান কাপ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নির্ধারিত সূচি অনুযায়ী হবে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। সূচি অনুসারে, ৭ জানুয়ারি রিয়াদে স্বাগতিক সৌদি আরব ও ফিলিস্তিনের মধ্যে ম্যাচ দিয়ে ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে।
রিয়াদের ৭২ হাজার দর্শক ধারণক্ষমতার কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচের পাশাপাশি ৫ ফেব্রুয়ারি ফাইনালও আয়োজন করবে।
এই ২৯ দিনব্যাপী আসরে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটি ভেন্যুতে, যার মধ্যে রিয়াদে পাঁচটি, জেদ্দায় দুটি এবং আল-খোবরে একটি স্টেডিয়াম রয়েছে।
যদিও আয়োজকরা সূচি নিশ্চিত করেছেন, তবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ২৪টি অংশগ্রহণকারী দেশের কয়েকটি ফুটবল ফেডারেশন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবারই ডাকার র্যালির আয়োজকরা ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ২০২৭ আসর সৌদি আরবের বাইরে সরিয়ে নেওয়া হবে।
গত সপ্তাহে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো বলেছেন, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে নির্ধারিত সময়ে এশিয়ান কাপ আয়োজন করা কঠিন হতে পারে।
মিয়ামোতো বলেন, “সংবাদমাধ্যম থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনো নিরাপদ নয়। তাই এই মুহূর্তে সেখানে এশিয়ান কাপ আয়োজন সহজ হবে বলে মনে করি না।”
তিনি আরও জানান, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আয়োজকরা খেলোয়াড়, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার কারণে ইতোমধ্যে সৌদি আরবে বেশ কয়েকটি বড় ক্রীড়া আসর বাতিল বা স্থগিত করা হয়েছে।
রোববার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল প্রতিহত করেছে। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেদ্দা, তাইফ, রাবিগ ও মক্কা প্রদেশের ওয়াদি আল-মুঘাম্মাসে পড়ে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের বেসামরিক ও সামরিক স্থাপনা।
রিয়াদ কর্তৃপক্ষ শনিবার রাতে ঘোষণা দেয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে, আর টার্মিনাল-১ ব্যবহার করা হবে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য।
এর আগে হুথি হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম আংশিকভাবে স্থগিত ছিল। ১০ অক্টোবরের এক হামলায় ১৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিল।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এ মাসে বলেছিলেন, প্রয়োজন হলে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। তবে স্থানীয় আয়োজক কমিটি শুরু থেকেই নির্ধারিত সূচি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১১ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। একই দিনে জাপান খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ইয়েমেনের, অস্ট্রেলিয়া খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এবং ইরান লড়বে চীনের বিরুদ্ধে।
গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নকআউট পর্ব।
এভাবে প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সাত বছর আগে মহাদেশীয় এই আসরের স্বাগতিক হচ্ছে দেশটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন