প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টানা ৬৮ দিন ধরে চলমান কর্মসূচিতে আন্দোলনকারীদের একটি অংশ দ্রুত সংকটের সমাধান চাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে অপর পক্ষ উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় ধরে কর্মসূচি চলার ফলে আন্দোলনকারীদের মধ্যে ক্লান্তি ও হতাশা সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, অচলাবস্থার দ্রুত সমাধান চেয়ে আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায়। তাদের মতামত হলো, সরকারের নিয়োগ দেওয়া উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। তবে অপর পক্ষ এ বিষয়ে আলোচনায় বসতে রাজি নয়।
চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। উপাচার্যের কক্ষ তালাবদ্ধ থাকায় আর্থিক অনুমোদন সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার বিভিন্ন উপকরণ শেষ হয়ে গেলেও নতুন করে তা কেনা সম্ভব হচ্ছে না, কারণ এসব ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন প্রয়োজন।
এদিকে, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকায় চুয়েটের বাস চলাচলও অনিশ্চয়তার মুখে পড়েছে। গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে এবং শিক্ষকদের নতুন বেতন স্কেল কার্যকর করার বিষয়টিও আটকে আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য একজন উপাচার্য প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরই মধ্যে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের ভেতর থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। তবে গত শুক্রবার রাতে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়জন আহত হন, তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
চুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন গবেষণা সহকারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। কম্পট্রোলার অফিস উপাচার্য কার্যালয়ে অবস্থিত হওয়ায় দপ্তরটির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বাজেট থাকলেও বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত ৬৮ দিন ধরে উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে, যার ফলে হোয়াইট বোর্ডের মার্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের সংকট তৈরি হয়েছে।
সবচেয়ে বড় সংকটে পড়েছে শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন্ড অটোমোবাইলসের কাছে গত তিন মাসের বকেয়া রয়েছে চুয়েটের। বকেয়া পরিশোধে দেওয়া এক সপ্তাহের সময়সীমাও শেষ হয়েছে। বকেয়া পরিশোধ না করলে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি, ফলে চুয়েটের সব বাস ও অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করাও বর্তমানে সম্ভব নয়।
বিভিন্ন বিভাগের কর্মচারীরা জানিয়েছেন, জ্বালানি ছাড়াও ডেঙ্গু প্রতিরোধের কীট ও ফার্মেসির ওষুধের মজুত শেষ হয়ে গেছে। উপাচার্য না থাকায় সামনে ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি চলমান বিভিন্ন সেশনের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না, ফলে শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে, গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে শুক্রবার আধা ঘণ্টা সড়ক অবরোধ ও ক্যাম্পাসে মিছিলের পর শনিবার কোনো কর্মসূচি পালন করা হয়নি। শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেই শাটডাউন কর্মসূচি চালানো হয়েছে। আজ রোববার চুয়েট শিক্ষক সমিতি মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। পরে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও স্টাফ অ্যাসোসিয়েশনও কর্মবিরতি পালন করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন