প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়টির। তবে ৪৭ বছরের দীর্ঘ এ পথচলায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিসর বৃদ্ধি পেলেও একাডেমিক ও প্রশাসনিক সেবাখাতে বিশ্ববিদ্যালয়টি এখনো ‘মান্ধাতার আমলের’ ম্যানুয়াল পদ্ধতিতে আটকে রয়েছে।
অনলাইন সেবার অভাবের কারণে ফি জমা দেওয়া, সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ কিংবা হলের আসনের আবেদনের মতো দৈনন্দিন কার্যক্রমে শিক্ষার্থীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব স্থবিরতা বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করছে, এবং কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতা ও প্রশাসনিক গাফিলতির কারণে শিক্ষার্থীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কাজের বড় অংশ ডিজিটাল হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো সশরীরে ব্যাংক ও দপ্তরে দৌড়াতে হয়। ভর্তি ও নোটিশ প্রকাশের বাইরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( iu.ac.bd ) শিক্ষার্থীদের জন্য কোনো কার্যকর পোর্টাল নেই। ওয়েবসাইটের নকশা পুরোনো, এবং তথ্য নিয়মিত হালনাগাদ করা হয় না। ৪৪ জন শিক্ষকের প্রোফাইলে ছবি অনুপস্থিত, পুরোনো ও অসম্পূর্ণ জীবনবৃত্তান্ত রয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে যাওয়া ও প্রয়াত শিক্ষকদের নাম তালিকায় থাকার মতো অসঙ্গতি বিদ্যমান। কয়েকজন শিক্ষকের প্রোফাইলে প্রাতিষ্ঠানিক ছবির বদলে পারিবারিক ও ভ্রমণের ছবি রয়েছে।
ফি পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে বড় ভোগান্তি দেখা দিয়েছে। ভর্তি, সেমিস্টার, পরীক্ষা ও হল ফি জমা দিতে শিক্ষার্থীদের এখনো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। নির্ধারিত ব্যাংকিং সময় পেরিয়ে গেলে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই জটিলতা কাটাতে গত বছরের ৮ নভেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চুক্তির এক বছর হতে চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। চলতি বছরের মাঝামাঝি প্রশাসনে পরিবর্তনের পর থেকে এ উদ্যোগে গতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
২০১৬ সালের ৩০ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল উদ্বোধন করেছিলেন। পরের বছর ২১ আগস্ট অনলাইনে ফল প্রকাশ ও সনদ-ট্রান্সক্রিপ্টের সুবিধার কথা বলে চালু করা হয় ‘অনলাইন রেজাল্ট প্রসেস অ্যান্ড পাবলিকেশন সিস্টেম’। কিন্তু এক দশকের কাছাকাছি সময়েও এসব উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ পায়নি।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সেমিস্টারের ফি এবং ২০২৫-২৬ বর্ষের প্রথম শ্রেণির ভর্তি ফি পরীক্ষামূলকভাবে অনলাইনে নেওয়া হলেও বাকি সেবাগুলো চালু হয়নি। ইসলামী ব্যাংকের শেখপাড়া সাব-ব্রাঞ্চের ইনচার্জ সূত্রে জানা যায়, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর তথ্য হালনাগাদসহ কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না থাকায় সেবাটি চালু করা যাচ্ছে না।
অন্যদিকে একাডেমিক শাখায় তথ্য সংরক্ষণে গাফিলতির কারণে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও অনেক শিক্ষার্থীর নামে বকেয়া দেখানোর অভিযোগ রয়েছে। রসিদ দেখাতে না পারলে পুনরায় ফি দিতে বাধ্য করার মতো ঘটনাও ঘটছে। সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহে ব্যাংকে টাকা জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আনুষ্ঠানিকতা সারতে একাধিক ধাপ পার হতে হয়। হলের আসন বরাদ্দেও নেই সমন্বিত অনলাইন ব্যবস্থা। মাত্র দুটি সেশনের শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট আইডি কার্ড দেওয়া হলেও তা সাধারণ পরিচয়পত্রে সীমাবদ্ধ; মেডিকেল সেবা ও লাইব্রেরিতে আলাদা কার্ড প্রয়োজন। ইউজিসির হিট প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগ সংস্কার করা হলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ রয়েছে।
আইসিটি সেলের পরিচালক ড. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সেবাখাত পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।
উপাচার্য ড. একেএম মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনাসহ বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। তবে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। ওয়েবসাইটসহ সবকিছু একটি সমন্বিত পোর্টালে আনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন