প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুপুরে আকাশ মেঘলা থাকলেও এক ধরনের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তবে বিকেলের দিকে পরিস্থিতি বদলে যায়। তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে শীতল বাতাস মেঘ উড়িয়ে আনছিল।
এ ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজে গেছে পুরো রাজধানী। ঝুম বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতও লক্ষ্য করা গেছে।
রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, বনশ্রী, উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজার থেকেও বৃষ্টির তথ্য পাওয়া গেছে।
বৃষ্টির ফলে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও ধুলো কমে যাওয়ায় প্রাণভরে শ্বাস নিতে সক্ষম হয়েছেন তারা। সন্ধ্যার পরের এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক হকারকে তাদের দোকান গুটিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে।
সকালে আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শীত নামছে কবে
ঋতুচক্র অনুযায়ী, দেশে সাধারণত কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে-ধীরে শীতের প্রকোপ বাড়তে থাকে। সাধারণত বৃষ্টির পরপরই শীত নামা শুরু হয় এবং তাপমাত্রা কমতে থাকে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহেই দেশে শীতের আগমন ঘটতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ইতোমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।
১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারাদেশে শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া সামনে বৃষ্টিপাতেরও একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন