প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বুধবার রাত থেকে রৌমারী সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশ এবং বিভিন্ন বয়সী স্থানীয় তরুণ-যুবকসহ অন্যান্য মানুষেরা পাহারায় অংশ নেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম এই বিষয়ে নিশ্চিত করে বলেন, রৌমারী সীমান্তে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তাদের চেষ্টা সফল হয়নি।
সীমান্ত এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪ নম্বর সাব-পিলারের নিকটে ভারতীয় সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাছে কিছু ভারতীয় মুসলিম নাগরিককে ট্রাকে করে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকাতে মাইকিং করা হয়।
খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গ্রামের লোকজন সীমান্তজুড়ে পাহারা শুরু করেন। একইসঙ্গে বিজিবিও সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়ে দেয়।
খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সাধারণ জনগণের সাথে বিজিবি সদস্যরাও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং এবারও তারা সফল হতে পারেনি।
এছাড়া উল্লেখ্য, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে সম্ভাব্য পুশইনকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন