প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার ৯৯ শতাংশের বাদী ছিল পুলিশ। বর্তমানে পরিবর্তন স্পষ্ট। পুলিশ আর কোনো রাজনৈতিক মামলার বাদী হচ্ছে না। মিথ্যা মামলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই নেতাকর্মীরা নিষ্ঠুরতার চরম সীমা অতিক্রম করেছে। যদি আমরা আজ তাদের বিচার করতে ব্যর্থ হই, তাহলে কাপুরুষ ও ভীরুতার পরিচয় দেব। তিনি উল্লেখ করেন, "আমরা সেটা চাই না। আমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।"
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিনা বিচারে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি বিএনপির নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। সাতশর বেশি বিএনপি নেতাকর্মী গুম হয়েছে। জামায়াতের অসংখ্য নেতাকর্মীকেও গুম ও হত্যা করা হয়েছে, শুধুমাত্র বিএনপি ও জামায়াতের সঙ্গে যুক্ত থাকার কারণে।
মতবিনিময় সভায় মন্ত্রী মাদকের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু ডিসি, এসপি কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়। মাদককে সামাজিকভাবে প্রতিহত করার প্রয়োজন রয়েছে। বাগেরহাটে মাদক প্রতিরোধে মসজিদের ইমাম থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ থেকে মাদক নির্মূল ও প্রতিহত করা সম্ভব হবে। তিনি জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের সঙ্গে যদি কোনো বিএনপির নেতাকর্মীও জড়িত থাকে, তাদেরও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমরা সামনে এগিয়ে যেতে পারব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে সকালে আইনমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকালে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন