প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি মন্তব্য করেছেন যে, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। তাই গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
শুক্রবার সকালে বরিশাল নগরীর অম্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। জনগণের বৃহত্তর অংশের মতামতকে সম্মান না জানালে আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পর গণভোট অনুষ্ঠিত হলেও একটি দলের অসহযোগিতার কারণে সেই আলোচনা অর্থবহ হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা বাস্তবসম্মত নয়। গণভোটের গণরায় মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আবার ক্ষমতা থেকেও বিদায় নিয়েছে। কিন্তু কেউই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যারা প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে না, তারাও নির্বাচনের সময় ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে। অথচ মানুষের কাছে তাদের অবস্থান ও বক্তব্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও আদর্শ যথাযথভাবে উপলব্ধি করতে হবে এবং তাঁর আদর্শ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়ায্জম হোসাইন হেলাল বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আগমনে সমগ্র সৃষ্টিজগৎ উপকৃত হয়েছে। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন সমাজে মানুষের জীবনের মূল্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল না। জাহেলি সমাজে দুর্বল ও অসহায় মানুষের অধিকার পদদলিত হতো। নারীর মর্যাদা ও নিরাপত্তা ছিল উপেক্ষিত। রাসুলুল্লাহ (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানবতার মুক্তির দিশা দিয়েছেন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা শুধু ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, শান্তি ও মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণীয়। তিনি প্রাণীর প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। পানি অপচয় না করা, যুদ্ধের সময় নিরীহ মানুষ ও সম্পদের ক্ষতি না করা এবং নারী, শিশু ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন। এমনকি পরিবারের মধ্যেও ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান, সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, লুৎফর রহমান মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী এবং উত্তমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।
আলোচনা সভা শেষে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন