প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁ সড়ক বিভাগের মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রাশেদুজ্জামান।
হাপানিয়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের শিশু মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বাসসকে জানান, "রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।"
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বাসসকে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।"
এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক এবং ট্রাকের চালককে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন