প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ব্যক্তিগত জীবন এবং বিয়ের বিষয়ে পুরনো বিতর্ক আবার সামনে এসেছে।
২০০৯ সালে তার একটি বিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন করে তদন্ত শুরু করেছে। তদন্তের মূল বিষয় হলো, তিনি কি নিজের ভাই বলে সন্দেহ করা এক ব্যক্তিকে গ্রিন কার্ড পেতে সহায়তা করার জন্য ভুয়া বিয়ের আশ্রয় নিয়েছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে, বিষয়টি সম্পর্কে অবগত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, ২০১৬ সালের গ্রীষ্মে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই বিয়ের বিষয়ে তদন্ত শুরু করেছিল। তখন বিয়েতে জালিয়াতির কিছু প্রমাণও পাওয়া গিয়েছিল। তবে সম্ভাব্য অপরাধটি গুরুতর অপরাধের (ফেলনি) আওতায় পড়লেও, এর জন্য নির্ধারিত পাঁচ বছরের তামাদি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মামলাটি আর এগোয়নি।
মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে ভাইকে বিয়ে করে অভিবাসন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ এক দশকেরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অভিযোগ পুনরায় উত্থাপন করেছেন।
তবে ওমর এই অভিযোগকে ডানপন্থীদের ষড়যন্ত্র তত্ত্ব বলে প্রত্যাখ্যান করে আসছেন। তিনি দাবি করেছেন, ২০১৬ সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কেন্দ্রীয় কর্মকর্তারা এই অভিযোগ খণ্ডন করেছিলেন।
বর্তমানে ট্রাম্প প্রশাসন আবারও বিষয়টি খতিয়ে দেখছে। সোমালিয়ার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার পর ইলহান ওমর এবং তার পরিবারের সদস্যদের অভিবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তৃত তদন্তের অংশ হিসেবে এই অনুসন্ধান চলছে।
উল্লেখ্য, ইলহান ও তার প্রথম স্বামী হিরসির মধ্যে ২০০২ সালে একটি ইসলামী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। তাদের দুটি সন্তান থাকার সময় ২০০৯ সালে তারা আলাদা হয়ে যান। একই বছর ইলহান ব্রিটিশ নাগরিক এলমিকে আইনগতভাবে বিয়ে করেন। ওই বিয়ে ২০১৭ সাল পর্যন্ত বহাল ছিল। তবে এলমিকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে বহু বছর ধরে বিতর্ক রয়েছে।
হিরসির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, এলমি মিনেসোটায় আসার পর সোমালি সম্প্রদায়ের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার পোশাক-পরিচ্ছদ এবং চলাফেরা নিয়ে অনেকেই মন্তব্য করতেন।
নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এলমির পোশাক দেখে তিনি হিরসির কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন হিরসি তাকে বলেছিলেন, এলমি তার স্ত্রীর ভাই এবং লন্ডন থেকে এসেছেন। এলমিকে সেখানে নিয়ে আসায় ইলহান পুরো সম্প্রদায়কে বিব্রত করেছেন বলেও দাবি করেন ওই বন্ধু।
ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, মিনিয়াপোলিসের সোমালি সম্প্রদায়ের অনেকে এলমির পরিচয় জানার চেষ্টা করেছিলেন। পরে তারা জানতে পারেন, এলমি নুর সাঈদ এলমির ছেলে এবং ইলহান ওমরের ভাই হিসেবে পরিচিত।
হিরসির ওই বন্ধু আরো দাবি করেন, এলমিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার কাগজপত্র পেতে সহায়তা করার উদ্দেশ্যে ইলহান তাকে আইনগতভাবে বিয়ে করেছিলেন বলে হিরসি অভিযোগ করতেন।
তার দাবি, এলমিকে নিয়ে ইলহান ও হিরসির মধ্যে প্রায়ই তর্ক-বিতর্ক হতো। এমনকি জনসম্মুখেও তাদের চিৎকার করে কথা বলতে দেখা গিয়েছিল। এলমি ২০১২ সালের দিকে মিনেসোটা ছেড়ে চলে গেলে হিরসি স্বস্তি পেয়েছিলেন বলেও দাবি করেন ওই ব্যক্তি।
১৯৯৫ সালে সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন ইলহান ওমর। তার প্রথম স্বামী হিরসির সঙ্গে ২০০২ সালে বিয়ের আবেদন করা হলেও, ইলহান পরে বলেছিলেন, আবেদনটি চূড়ান্ত করা হয়নি এবং তাদের আইনগত বিয়েও হয়নি।
ইলহানের বক্তব্য অনুযায়ী, ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে এবং প্রায় চার বছর পর তারা আবার একত্র হন। ২০১৮ সালে তারা আইনগতভাবে বিয়ে করেন।
অন্যদিকে, এলমির সঙ্গে ইলহানের আইনগত বিয়ে ছিল ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ইলহানের দাবি, এলমির সঙ্গে তাদের বিচ্ছেদ ঘটে ২০১১ সালে, তবে প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে আরো কয়েক বছর লেগেছিল।
ইলহান ও হিরসি ২০১৪ ও ২০১৫ সালে যৌথভাবে করসংক্রান্ত নথি জমা দিয়েছিলেন, যখন ইলহানের সঙ্গে এলমির আইনগত বিয়ে বহাল ছিল। পরে ওই নথিগুলো সংশোধন করা হয়।
ইলহান ও হিরসি শেষ পর্যন্ত ২০১৯ সালে আলাদা হয়ে যান। বর্তমানে ইলহান তার সাবেক রাজনৈতিক উপদেষ্টা টিম মাইনেটকে বিয়ে করেছেন।
এলমি যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটান এবং পরে যুক্তরাজ্যে ফিরে যান। বর্তমানে তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।
২০২৩ সাল থেকে সেখানে ডক্টরেট ডিগ্রি অর্জনের কাজ করছেন এবং গবেষণা সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে কুইয়ার গবেষণা, উপনিবেশমুক্তকরণ এবং লিঙ্গবিষয়ক গবেষণা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন