প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাদরাসা শিক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগান ইসলামিয়া আলিম মাদরাসা। উপজেলার ১৩টি মাদরাসার মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ অনন্য সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীর নাম আশরাফুন নাহার মুবিনা। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার কন্যা। তাঁর এ সাফল্য শুধু বাগান ইসলামিয়া আলিম মাদরাসার নয়, বরং সমগ্র ত্রিশাল উপজেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ত্রিশাল উপজেলার ১৩টি মাদরাসা থেকে মোট ২৯১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১৭ জন উত্তীর্ণ এবং ১৭৪ জন অনুত্তীর্ণ হয়েছে। সমগ্র উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে বাগান ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা।
বাগান ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এ বছর ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৫ জন উত্তীর্ণ এবং ২৪ জন অনুত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানের পাশের হার ৩৮.৪৭ শতাংশ। ফলাফলের সার্বিক চিত্র চ্যালেঞ্জিং হলেও একমাত্র জিপিএ-৫ অর্জনের কৃতিত্ব প্রতিষ্ঠানটির সুনাম ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।
বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান বলেন, “আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা ত্রিশাল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মহান আল্লাহ তা’আলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
ফলাফল প্রকাশের পর থেকেই বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা কৃতী শিক্ষার্থী মুবিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি আশা প্রকাশ করেছেন, আগামী বছরগুলোতেও বাগান ইসলামিয়া আলিম মাদরাসা এ ধরনের গৌরবোজ্জ্বল সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ত্রিশালের মাদরাসা শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে।
এস এম মাসুদ রানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
তারিখ :৩১/১০/২০২৬
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন