প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের আঞ্চলিক পর্বে নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ দ্বিতীয় রানার-আপ হিসেবে স্বীকৃতি পেয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’। তাদের প্রকল্প ‘অ্যাস্ট্রা—অ্যাস্ট্রোনট সেলফ-ট্রায়াজ অ্যান্ড রেডিনেস অ্যাসিস্ট্যান্ট’ মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
দলটিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান ফাহাদ, সাদিয়া সুলতানা পূর্ণিমা ও মো. হৃদয় অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান ও মারিয়া নুসরাতও দলের সদস্য। আবদুর রহমান ফাহাদ দলের নেতৃত্ব দেন।
‘অ্যাস্ট্রা’ একটি স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক সফটওয়্যার ব্যবস্থা, যা মহাকাশচারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করতে সক্ষম। বিশেষ করে মঙ্গলগ্রহে দীর্ঘ অভিযানের সময়, পৃথিবীর সঙ্গে যোগাযোগের বিলম্ব বা বিচ্ছিন্নতার পরিস্থিতিতে মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই ব্যবস্থা।
মহাকাশ অভিযানে মহাকাশচারীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকেন, যেমন বিকিরণ, মাধ্যাকর্ষণহীনতা, ঘুমের সমস্যা, বিচ্ছিন্নতা ও সীমিত চিকিৎসাসুবিধা। পৃথিবী থেকে দূরত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকের তাৎক্ষণিক সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি বিবেচনায় ‘অ্যাস্ট্রা’ তৈরি করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে পারে।
এছাড়া, এটি নির্দেশনা দেয় কখন প্রাথমিক ব্যবস্থা নিতে হবে এবং কখন ক্রু মেডিকেল অফিসার বা পৃথিবীর চিকিৎসা দলের সহায়তা প্রয়োজন। প্রকল্পটির বিশেষত্ব হলো, এটি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি প্রত্যেক মহাকাশচারীর ব্যক্তিগত স্বাস্থ্য-ইতিহাস ও পূর্ববর্তী পরিমাপের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করে ব্যক্তিভেদে স্বাস্থ্যগত পরিবর্তন শনাক্ত করতে পারে।
মহাকাশযানের পরিবেশগত সমস্যার সম্ভাবনাও বিবেচনায় নেয় যদি একাধিক মহাকাশচারীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। এতে জরুরি চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যগত প্রবণতা বিশ্লেষণ, ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা, বিভিন্ন মহাকাশ-পরিবেশ অনুযায়ী স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং যোগাযোগে বিলম্ব বিবেচনায় চিকিৎসাসংক্রান্ত বার্তা ব্যবস্থাপনার সুবিধা রয়েছে।
প্রযুক্তিগতভাবে, প্রকল্পটিতে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, থ্রি জেএস, পাইথন, ফাস্টএপিআই, এসকিউএলাইট ও এনভিডিয়া নেমোট্রন ব্যবহার করা হয়েছে। নাসার জেপিএল হরাইজনস, ওপেন সায়েন্স ডেটা রিপোজিটরি, ডনকি এবং হিউম্যান রিসার্চ প্রোগ্রামের তথ্য ও গবেষণা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যগত ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে প্রকল্পটি পরীক্ষিত নিয়মভিত্তিক ব্যবস্থা গ্রহণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যাখ্যা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে। ফলে স্বাস্থ্য সতর্কতা তৈরি বা বাতিলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সরাসরি নির্ভর করতে হয় না।
প্রকল্পটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নাসা থেকে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে মহাকাশযানে ব্যবহারের সময় মূল স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা সচল রাখতে সরাসরি ইন্টারনেট বা পৃথিবীর সার্ভারের ওপর নির্ভর করতে হবে না। প্রকল্পটির কার্যকারিতা যাচাইয়ে পাইথন পাইটেস্ট ব্যবহার করে ১৫১টি স্বয়ংক্রিয় পরীক্ষাও সম্পন্ন করেছে দলটি।
দলটি জানায়, মূল হ্যাকাথন ১৩ ও ১৪ নভেম্বর দুই দিন ধরে অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে প্রকল্পটির মূল নমুনা সংস্করণ তৈরি, বিভিন্ন সুবিধা সমন্বয়, পরীক্ষা ও উপস্থাপনার কাজ সম্পন্ন করা হয়। তবে প্রাথমিক গবেষণা ও প্রস্তুতি সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল।
প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাসার বিভিন্ন গবেষণা ও তথ্যসূত্র ব্যবহার করে কার্যকর, নির্ভরযোগ্য এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করার সক্ষম স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করা। সীমিত সময়ের মধ্যে ব্যবহারকারী অংশ, সার্ভার অংশ, তথ্য প্রক্রিয়াকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে একত্র করে কার্যকর নমুনা সংস্করণ তৈরি করাও ছিল বড় চ্যালেঞ্জ।
দলের সদস্যদের মধ্যে আবদুর রহমান ফাহাদ দল ও প্রকৌশল নেতৃত্বের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইরফান তথ্য প্রকৌশল, সাদিয়া সুলতানা পূর্ণিমা ব্যবহারকারী ইন্টারফেস ও অভিজ্ঞতা কৌশল, মারিয়া নুসরাত পণ্য সমন্বয় এবং মো. হৃদয় ভিডিও ও গল্প উপস্থাপনার দায়িত্বে ছিলেন।
দলনেতা আবদুর রহমান ফাহাদ বলেন, "নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর কুমিল্লা পর্বে দ্বিতীয় রানার-আপ হওয়া আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। অ্যাস্ট্রা তৈরির ধারণা এসেছে মহাকাশ অভিযানে পৃথিবী থেকে চিকিৎসাসহায়তা পেতে দীর্ঘ সময় লাগার বাস্তবতা থেকে। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যা মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছাড়াও প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ভবিষ্যতে মহাকাশ গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পটির নির্ভুলতা বাড়ানো, বাস্তব স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা এবং এটিকে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"
এছাড়া, উল্লেখ্য যে, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন। ২০২৬ সালে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ মোট নয়টি শহরে পৃথক আঞ্চলিক আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে এবারের আয়োজনে ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধিত প্রতিযোগী এবং ৬০০টির বেশি দল অংশ নেয়।
কুমিল্লা আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হলেও এখনো দলটির বৈশ্বিক মনোনয়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। স্থানীয় পর্যায়ের ফলাফলের পর নির্বাচিত প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ের বিচারপ্রক্রিয়ার জন্য বিবেচিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন